দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিকস প্রথমবারের মতো মানুষের মতো দেখতে হিউম্যানয়েড রোবট উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে। আগামী বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে কনজ্যুমার ইলেকট্রনিকস শোতে (সিইএস) রোবটটির প্রোটোটাইপ বা প্রাথমিক সংস্করণ প্রকাশ করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে স্যামসাংয়ের পরিচালনা পর্ষদের সামনে রোবটটির প্রোটোটাইপ প্রদর্শন করা হয়েছে। বিষয়টি সম্পর্কে জানেন এমন এক ব্যক্তি এ তথ্য জানিয়েছেন। তবে রোবটটি সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি স্যামসাং।
ওই ব্যক্তির ভাষ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার সিউলে স্যামসাংয়ের রোবোটিকস গবেষণাকেন্দ্রে রোবটটির সক্ষমতা দেখানো হয়। এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির কো-সিইও টিএম রোহ। প্রদর্শনীতে রোবটটির পুরো শরীর নিয়ন্ত্রণের সক্ষমতা এবং হাত দিয়ে বিভিন্ন বস্তু তোলা ও নাড়াচাড়া করার দক্ষতার ওপর গুরুত্ব দেওয়া হয়।
হিউম্যানয়েড রোবট তৈরির ক্ষেত্রে মানুষের হাতের মতো সূক্ষ্মভাবে বস্তু ধরতে ও নিয়ন্ত্রণ করতে পারা বড় চ্যালেঞ্জ। বিশেষ করে কারখানায় কাজ করার জন্য রোবটকে নির্ভুলভাবে কোনো বস্তু ধরা, ঘোরানো এবং নির্দিষ্ট জায়গায় সরিয়ে নেওয়ার সক্ষমতা থাকতে হয়। স্যামসাং এ বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে।
প্রতিষ্ঠানটির রোবোটিকস বিভাগের গবেষণাগারের প্রধান ক্রিস হাউজার গত সেপ্টেম্বরে বলেন, কারখানায় রোবট ব্যবহারের ক্ষেত্রে ৯৯ শতাংশ সাফল্যের হারও যথেষ্ট নয়। বাস্তবে উৎপাদন লাইনে ব্যবহারের জন্য সাফল্যের হার ৯৯ দশমিক ৯৯ শতাংশ হওয়া প্রয়োজন। তার মতে, এ ক্ষেত্রে সামান্য ভুলও বড় সমস্যা তৈরি করতে পারে।
রোবোটিকস খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে গত জুলাইয়ে স্যামসাং ‘রোবোটিকস এক্সপেরিয়েন্স’ (আরএক্স) ইউনিট গঠন করে। ইউনিটটি সরাসরি কো-সিইও টিএম রোহের অধীনে কাজ করছে। রোবট নিয়ে গবেষণা, উন্নয়ন, দীর্ঘমেয়াদি কৌশল এবং বাণিজ্যিক উৎপাদনের বিষয়গুলো দেখভাল করছে এই বিভাগ।
স্যামসাংয়ের পরিকল্পনা শুধু কারখানায় রোবট ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ নয়। ভবিষ্যতে ঘরের কাজ করতে এবং বয়স্ক ব্যক্তিদের সহায়তা করতে পারে এমন রোবট তৈরির লক্ষ্যও রয়েছে প্রতিষ্ঠানটির। গত মার্চে স্যামসাং জানিয়েছিল, ২০৩০ সালের মধ্যে তাদের কারখানাগুলোকে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর উৎপাদনকেন্দ্রে রূপান্তর করা হবে। একই সঙ্গে উৎপাদনপ্রক্রিয়ায় হিউম্যানয়েড রোবট যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
দক্ষিণ কোরিয়ার গুমি শহরে হিউম্যানয়েড রোবট তৈরির জন্য উৎপাদন লাইন স্থাপনের পরিকল্পনাও করছে প্রতিষ্ঠানটি। শহরটিতে স্যামসাংয়ের স্মার্টফোন কারখানা রয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র, চীন ও জাপানেও তাদের রোবোটিকস গবেষণার কার্যক্রম চলছে।
এ খাতে প্রতিযোগিতাও বাড়ছে। চীনের ইউনিট্রি, যুক্তরাষ্ট্রের টেসলা এবং দক্ষিণ কোরিয়ার হুন্দাইয়ের সহযোগী প্রতিষ্ঠান বোস্টন ডায়নামিকস হিউম্যানয়েড রোবট নিয়ে কাজ করছে। ২০২৪ সালে দক্ষিণ কোরিয়ার রোবট নির্মাতা প্রতিষ্ঠান রেইনবো রোবোটিকসের সবচেয়ে বড় শেয়ারহোল্ডার হয় স্যামসাং।
রোবোটিকস প্রযুক্তির উন্নয়ন ও বাণিজ্যিক ব্যবহার দ্রুত এগিয়ে নিতে প্রয়োজন হলে বিনিয়োগ ও অধিগ্রহণের বিষয়টিও বিবেচনা করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বাংলা৭১নিউজ/আরএইচ



























