সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে পার্কিং করা লাব্বাইক পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা ওই বাসটিতে অগ্নিসংযোগ করেছে।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর দেড়টার দিকে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নে ঢাকা-আরিচা মহাসড়কের জোরপুল এলাকায় বাসটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার বেলা দেড়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জোরপুল এলাকায় সাভারগামী লেনে একটি লাব্বাইক পরিবহনের বাস পার্কিং করা অবস্থায় পথচারীরা আগুন দেখতে পায়। পরে সাভার ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে প্রায় ২০ মিনিট চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সাভার ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম ঢাকা পোস্টকে জানান, পার্কিং করা একটি বাসে দুর্বৃত্তরা অগ্নি সংযোগ করেছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।
বাংলা৭১নিউজ/আরএইচ




























