ময়মনসিংহে পৃথক ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের দুই নেতা-কর্মীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে নগরীর শম্ভুগঞ্জ এলাকায় বইঠা তৈরির সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা মোজাম্মেল হোসেন মামুনকে আটক করে পুলিশ। একই দিন ফুলপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে যুবলীগ কর্মী সেলিম মিয়াকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয় যুবদলের নেতা-কর্মীরা।
জেলা পুলিশের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে কোতোয়ালি মডেল থানা-পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে শম্ভুগঞ্জ এলাকায় অভিযান চালায়। এ সময় বইঠা তৈরির কাজে নিয়োজিত থাকা অবস্থায় মোজাম্মেল হোসেন মামুনকে আটক করা হয়।
গ্রেপ্তার মোজাম্মেল হোসেন মামুন শম্ভুগঞ্জ মোড় এলাকার মোস্তফার ছেলে। তিনি মহানগর স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় কর্মী বলে জানিয়েছে পুলিশ। তার বাড়ি শম্ভুগঞ্জ মোড়ে রতন চেয়ারম্যানের বাড়ির পাশে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
অন্যদিকে, একই দিন পৌনে ৭টার দিকে ফুলপুর বাসস্ট্যান্ড থেকে বওলা ইউনিয়ন যুবলীগের কর্মী সেলিম মিয়াকে আটক করেন উত্তর জেলা যুবদলের নেতা-কর্মীরা। পরে তাকে ফুলপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তিনি ঢাকায় যাওয়ার পথে বাসস্ট্যান্ড এলাকায় আটক হন। ঢাকায় চলমান আন্দোলনে যোগ দিতে তিনি সেখানে যাচ্ছিলেন বলে জানা গেছে।
উত্তর জেলা যুবদলের সদস্য ওয়াহিদুজ্জামান মিঠুনের নেতৃত্বে নেতা-কর্মীরা তাকে আটক করেন।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যুবদলের নেতা-কর্মীরা তাকে আটক করে থানা-পুলিশের কাছে সোপর্দ করেছে। তিনি নাশকতার উদ্দেশ্যে ঢাকায় যাচ্ছিলেন বলে জানা গেছে। আগামীকাল মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হবে।
বাংলা৭১নিউজ/আরএইচ





















