ইউক্রেনজুড়ে রাশিয়ার ধারাবাহিক হামলায় অন্তত পাঁচজন নিহত ও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। এসব হামলায় দেশটির পাঁচটি অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো। বুধবার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
ইউক্রেনের উপ-জ্বালানিমন্ত্রী আরতেম নেক্রাসভ জানান, দনিপ্রোপেত্রোভস্ক, দোনেৎস্ক, জাপোরিঝঝিয়া, ওদেসা ও খারকিভ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে।
এর মধ্যে জাপোরিঝঝিয়া ও দনিপ্রোপেত্রোভস্কের পরিস্থিতি সবচেয়ে সংকটজনক। সেখানে বিদ্যুৎ সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
রুশ নিয়ন্ত্রণে থাকা জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটিও গোলাবর্ষণের পর বাইরের বিদ্যুৎ সরবরাহ হারিয়েছে। ফলে কেন্দ্রটি জরুরি ডিজেল জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ পাচ্ছে। চলতি বছরে এটি ১৭তমবারের মতো বাইরের বিদ্যুৎ সংযোগ হারাল বলে জানান নেক্রাসভ।
ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষতিগ্রস্ত সব অঞ্চলে মেরামত ও বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের কাজ চলছে। তবে বারবার হামলা এবং বিমান হামলার সতর্কসংকেতের কারণে কাজ ব্যাহত হচ্ছে।
মঙ্গলবার রাতে কৃষ্ণসাগরীয় বন্দরনগরী ওদেসায় রুশ হামলায় দু’জন নিহত ও তিনজন আহত হন। আহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। হামলায় গাড়ি, আবাসিক ভবন ও শিল্পকারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে।
উত্তরের চেরনিহিভ অঞ্চলে রুশ হামলায় নিহত হয়েছেন একজন। পূর্বাঞ্চলীয় দোনেৎস্কের ক্রামাতোরস্কে গোলাবর্ষণে আরও একজন নিহত হন। খারকিভ শহর ও আশপাশের ছয়টি বসতিতে হামলায় একজন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। এছাড়া রাজধানী কিয়েভে রাতভর ড্রোন হামলায় একটি বহুতল আবাসিক ভবনে আগুন ধরে যায়। এতে আহত হন দু’জন।
এদিকে রাশিয়ার সামারা অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন। হামলার কারণে সেখানে বিদ্যুৎ সরবরাহও ব্যাহত হয়েছে। অঞ্চলটি রুশ রাষ্ট্রীয় তেল কোম্পানি রসনেফটের গুরুত্বপূর্ণ তেল পরিশোধনকেন্দ্র হিসেবে পরিচিত।
বাংলা৭১নিউজ/আরএইচ


























