অভিনেতা সোহেল খানের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র অঙ্গনে। সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে স্মরণ করছেন এই অভিনেতাকে। এবার সোহেল খানকে স্মরণ করে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলী। সেখানে প্রয়াত অভিনেতার সঙ্গে কাজের অভিজ্ঞতা ও কাটানো কিছু মুহূর্তের স্মৃতিচারণ করেছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে সোহেল খানের সঙ্গে একটি ছবি পোস্ট করেন বুবলী। ছবিতে একটি শুটিংয়ের দৃশ্যে দুজনকে একসঙ্গে দেখা যায়। ছবির সঙ্গে দেওয়া স্ট্যাটাসে বুবলী লেখেন, “মনে হচ্ছে, এই তো সেদিন ‘জংলি’ সিনেমার শুটিংয়ের ফাঁকে আপনার সঙ্গে কথা হলো। আপনার অভিজ্ঞতার ঝুলি থেকে কত মজার মজার স্মৃতি শেয়ার করলেন, গল্প করলেন, হাসালেন আমাদের! কিন্তু আপনার এভাবে হঠাৎ চলে যাওয়াটা মেনে নিতে খুব কষ্ট হচ্ছে সোহেল ভাইয়া।”
তিনি আরও লেখেন, ‘আপনার মতো একজন গুণী ও অভিজ্ঞ অভিনয়শিল্পীর সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল, এটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। আপনার প্রাণবন্ত উপস্থিতি, সুন্দর কথা আর সেই মুহূর্তগুলো মনে থাকবে অনেক দিন। পরপারে ভালো থাকবেন। আপনার আত্মার শান্তি কামনা করছি।’
বুবলীর এই আবেগঘন পোস্টে উঠে এসেছে সোহেল খানের সঙ্গে তার কাজের সময়কার স্মৃতি। বিশেষ করে ‘জংলি’ সিনেমার শুটিংয়ের ফাঁকে দুজনের কথোপকথন, গল্প আর হাসির মুহূর্তগুলো এখন স্মৃতির পাতায় জায়গা করে নিয়েছে। একজন অভিজ্ঞ সহশিল্পীকে হারিয়ে তার শূন্যতা অনুভব করছেন বুবলী।
এর আগে মঙ্গলবার সকালে বগুড়ায় সিনেমার শুটিংয়ে গিয়ে অসুস্থ হয়ে মারা যান সোহেল খান। সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার আকস্মিক মৃত্যুর খবরে শোকাহত হয়ে পড়েন সহকর্মী, স্বজন ও ভক্তরা।
সোহেল খান ধামরাই উপজেলার রাজাপুর গ্রামের মৃত আতাউর রহমান খানের ছেলে। মঙ্গলবার মাগরিবের নামাজের পর নিজ গ্রামের রাজাপুর ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাজাপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় স্বজন, প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
গ্রামের মানুষের কাছেও সোহেল খান ছিলেন অত্যন্ত প্রিয় একজন মানুষ। শুধু অভিনেতা হিসেবে নয়, বিপদে-আপদে পাশে থাকা একজন আপনজন হিসেবেই তাকে মনে রেখেছেন রাজাপুরের বাসিন্দারা। সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার ছিল সক্রিয় অংশগ্রহণ। ধনী-গরিবের ভেদাভেদ না করে সবার সঙ্গে মিশতেন তিনি। পর্দায় আঞ্চলিক ভাষা, গ্রামীণ মানুষের জীবনযাপন ও সংস্কৃতি তুলে ধরলেও বাস্তব জীবনেও ছিলেন মাটির কাছাকাছি।
সোহেল খানের ভাগনে মোহাম্মদ নাহিদ হোসেন খান বলেন, ‘সোহেল মামা আঞ্চলিক ভাষায় কথা বলা, এলাকার রীতিনীতি ও আচার-ব্যবহার অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলতেন। তার মধ্যে অহংকার বলতে কিছু ছিল না। ধনী-গরিবের কোনো ভেদাভেদ ছিল না।’
স্থানীয় বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কাজেও উদ্যোগী ভূমিকা রাখতেন সোহেল খান। রাজাপুরে একটি টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠার পেছনেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে জানিয়েছেন স্বজন ও স্থানীয় বাসিন্দা মোহাম্মদ টিপু সুলতান।
অন্যদিকে, সোহেল খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা ও শেষ সময়ের স্মৃতি তুলে ধরেছেন ‘নসীব’ সিনেমার প্রযোজক আরশাদ আদনান। তার প্রযোজনায় নির্মিত সিনেমার শুটিংয়ে অংশ নিতে মৃত্যুর আগের চারদিন বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল। মৃত্যুর আগের রাতেও তার সঙ্গে কথা হয়েছিল বলে জানান আরশাদ আদনান। তার ভাষ্য, রাত ১১টার দিকে শুটিং শেষ হওয়ার পর সোহেল খাওয়া দাওয়া করে নিজের মতো ছিলেন। একজন সিনিয়র শিল্পী ও বড় ভাই হিসেবে তাকে অনেক সম্মান করতেন তারা।
টেলিভিশন নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করেছেন সোহেল খান। ২০০৭ সালে ‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘দারুচিনি দ্বীপ’ ও ‘বউয়ের জ্বালা’ সিনেমার মধ্য দিয়ে বড়পর্দায় তার অভিনয়ের উল্লেখযোগ্য যাত্রা শুরু হয়। এরপর ‘খোঁজ: দ্য সার্চ’, ‘প্রজাপতি’, ‘কমন জেন্ডার’, ‘লাল টিপ’, ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’, ‘অনেক সাধের ময়না’, ‘দেশা: দ্য লিডার’, ‘পরবাসিনী’, ‘বীর’, ‘কেমনে কী!’ ও ‘শান’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।
বাংলা৭১নিউজ/জেএস



























