রিপোর্টারদের সর্ববৃহৎ সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। সদস্যদের পেশাগত স্বীকৃতির জন্য প্রতি বছর বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড আয়োজন করে সংগঠনটি। এবার ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ জিতেছেন ঢাকা পোস্টের বিশেষ প্রতিনিধি এফ এম আবদুর রহমান মাসুম ও সিনিয়র স্পোর্টস রিপোর্টার আরাফাত জোবায়ের। এর মধ্যে সুশাসন ও দুর্নীতি (অনুসন্ধানী সাংবাদিকতা) ক্যাটাগরিতে এফ এম আবদুর রহমান মাসুম এবং ‘প্রিন্ট-অনলাইন’ ক্যাটাগরিতে ক্রীড়া বিভাগে এই স্বীকৃতি পেয়েছেন আরাফাত জোবায়ের।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থমন্ত্রী আমির খসরুর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন তারা।
এফ এম আবদুর রহমান মাসুম ঢাকা পোস্টের বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। তিনি এক যুগের বেশি সময় ধরে সাংবাদিকতা ও লেখালেখির সঙ্গে যুক্ত। দুর্নীতি দমন কমিশন (দুদক), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), অর্থনীতি, আর্থিক অনিয়ম, কর ফাঁকি, অর্থপাচার ও সুশাসন বিষয়ে অনুসন্ধানী সাংবাদিকতা করছেন তিনি।
এফ এম আবদুর রহমান মাসুম অর্থনীতি বিষয়ে অনার্স এবং একই বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় ৫ম স্থান নিয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এছাড়া আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তিনি। পেশাগত জীবনে এর আগে জাস্টনিউজ, রাইজিংবিডি ডটকম ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায় কাজ করেছেন। ২০২০ সালের ডিসেম্বরে ঢাকা পোস্টে জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এরই মধ্যে একাধিক জাতীয় পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন তিনি। এর মধ্যে রয়েছে ২০১৭ সালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেরা রিপোর্টার পুরস্কার, ২০২৩ সালে দুদক বিটের এমজিআই-র্যাক বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড, ২০২৩-২৪ সালে বাজুস মিডিয়া অ্যাওয়ার্ড এবং ২০২৫ ও ২০২৬ সালে পরপর দুবার বাংলাদেশ ও চীনের যৌথ আয়োজনে গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড। গত ১১ নভেম্বর তিনি কূটনীতি ও অর্থনীতি বিভাগে চীন-বাংলাদেশ অর্থনৈতিক, বাণিজ্যিক ও প্রযুক্তিগত সহযোগিতাবিষয়ক প্রতিবেদনের জন্য দ্বিতীয় পুরস্কার গ্রহণ করেন।
এছাড়া ২০২৬ সালেই সিপিডি-ইআরএফ এর ক্লিন এনার্জি ট্রানজিশন রিপোর্টিং ফেলোশিপ এবং বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক এমআরডিআই-ইআরএফ রিপোর্টিং ফেলোশিপ অর্জন করেন তিনি।
পেশাদার সাংবাদিক হিসেবে এফ এম আবদুর রহমান মাসুম ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ইকনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং দুদক বিটের সংগঠন রিপোর্টারস এগেইনেস্ট করাপশনের (র্যাক) সদস্য।
অন্যদিকে, আরাফাত জোবায়েরের মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে পড়াবস্থাতেই ক্রীড়াপ্রেমের শুরু। খেলা ও লেখার যোগসূত্র শুরু ঢাকা সিটি কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে ক্রীড়া পাক্ষিক ক্রীড়াজগত, ক্রীড়ালোক দিয়ে। বিভিন্ন জাতীয় দৈনিকে ফিচার পাতায়ও লিখেছেন অনেক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় ক্রীড়া লেখক থেকে ক্রীড়া সাংবাদিকে রুপান্তর। দেশের সবচেয়ে প্রাচীন পত্রিকা দৈনিক সংবাদে ক্রীড়া প্রতিবেদক হিসেবে ৯ বছর কাটিয়ে ২০২০ সালের ডিসেম্বরে শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টে সিনিয়র স্পোর্টস রিপোর্টার হিসেবে যোগদান করেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদকের ভূমিকাতেও রয়েছেন।
প্রায় দেড় যুগের ক্রীড়া সাংবাদিকতা ক্যারিয়ারে তিনটি বিশ্বকাপ ফুটবল, একটি যুব ফুটবল বিশ্বকাপ, একটি অলিম্পিক গেমস, তিনটি এশিয়ান গেমস, ইসলামিক সলিডারিটি গেমস, তিনটি এসএ গেমস, এশিয়ান কাপ বাছাই, নারী এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপসহ দেশে-বিদেশে অনেক গুরুত্বপূর্ণ ক্রীড়া আসর কাভার করেছেন তিনি।
ডিআরইউতে তিনবার সেরা রিপোর্টারে পুরস্কার পেয়েছেন ঢাকা পোস্টের সিনিয়র স্পোর্টস রিপোর্টার আরাফাত জোবায়ের। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির বর্ষসেরা সাংবাদিকে ২০২১, ২০২৩, ২০২৪ ও ২০২৫ রানারআপসহ একাধিক ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন। ক্রীড়াঙ্গনে নারীদের ক্ষমতায়ন, সমতা নিয়ে ‘১০ জেলার খেলার দায়িত্বে ৯ নারী’ প্ল্যান ইন্টারন্যাশনাল আয়োজিত গণমাধ্যম পুরস্কার ২০২৫ সালে অনলাইন ক্যাটাগরিতে পুরস্কার পায়। একই বছর বাংলাদেশ চীন ক্রীড়া সম্পর্কের জন্য গোল্ডেন সিল্ক রোড অ্যাওয়ার্ডও পেয়েছেন।
ক্রীড়া লেখক ও সাংবাদিকদের বৈশ্বিক সংস্থা এআইপিএস। ২০২২ সালে এআইপিএস মিডিয়া অ্যাওয়ার্ডে এশিয়া মহাদেশে ইয়ুথ রাইটিং ক্যাটাগরিতে তার ‘মহিলা ক্রীড়া সংস্থার ৫০ বছর’ রিপোর্ট প্রথম স্থান অর্জন করে। পরের বছর ‘ক্রীড়া সঙ্গীত আছে, ক্রীড়া সঙ্গীত নেই’ প্রতিবেদনটি এশিয়া মহাদেশের মধ্যে রাইটিং বেস্ট কলাম ক্যাটাগরিতে শীর্ষ দশে স্থান পায়। ‘ক্রীড়াঙ্গনে ক্ষুদ্র নৃগোষ্ঠী’ শীর্ষক ধারাবাহিক প্রতিবেদন ২০২৫ সালের ১৩ মে মরক্কোর রাবাতে এআইপিএস মিডিয়া অ্যাওয়ার্ডের দিন ‘প্রমোটিং ডাইভারসিটি অ্যান্ড ইনক্লুশন’ হিসেবে প্রদর্শিত হয়ে বৈশ্বিক স্বীকৃতি অর্জন করে। টানা তিনবার এআইপিএস মিডিয়া অ্যাওয়ার্ডের তালিকায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করা দেশের ক্রীড়া সাংবাদিকতার গৌরবময় ঘটনাও।
উল্লেখ্য, ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি পথচলা শুরুর পর থেকে ঢাকা পোস্ট প্রতিবছরই ডিআরইউ অ্যাওয়ার্ড পাচ্ছে। ২০২১ সালে সিনিয়র স্পোর্টস রিপোর্টার আরাফাত জোবায়ের, ২০২২ সালে সিনিয়র রিপোর্টার আবু সালেহ সায়াদাত, ২০২৩ সালে চিফ রিপোর্টার আদনান রহমান, ২০২৪ সালে সিনিয়র স্পোর্টস রিপোর্টার আরাফাত জোবায়ের (২য় বার), ২০২৫ সালে সিনিয়র রিপোর্টার জসীম উদ্দিন এ পুরস্কার অর্জন করেন।
এবার প্রথমবারের মতো প্রতিষ্ঠানটির দুজন রিপোর্টার (আব্দুর রহমান মাসুম ও আরাফাত জোবায়ের) ডিআরইউ অ্যাওয়ার্ড পেয়েছেন। সিনিয়র স্পোর্টস রিপোর্টার আরাফাত জোবায়ের এ নিয়ে তিনবার এ পুরস্কার অর্জন করলেন।
বাংলা৭১নিউজ/আরএইচ



























