স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন গাইবান্ধা সফরের মধ্য দিয়ে এ অঞ্চলের মানুষের আশা-আকাঙ্ক্ষা ও উন্নয়ন প্রত্যাশার প্রতিফলন ঘটবে।
তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার দেশের মানুষের কল্যাণ ও জীবনমান উন্নয়নে কাজ করে যাবে। প্রধানমন্ত্রীসহ বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত কারও দেশের বাইরে কোনো ঠিকানা নেই। এ দেশেই থেকে জনগণের উন্নয়নে কাজ করতে চান তারা।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জে আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য সফর উপলক্ষে বিভিন্ন কর্মসূচির স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম বলেন, আগামী পাঁচ বছরে দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর আওতায় দেশের সব খাল ও মরা নদী পুনরুজ্জীবিত করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে কৃষি, সেচব্যবস্থা ও সাধারণ মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে।
প্রতিমন্ত্রী আরও জানান, গোবিন্দগঞ্জে করতোয়া নদীর বিভিন্ন অংশ ও খাল পরিদর্শন করা হয়েছে। খুব শিগগিরই এসব খনন কার্যক্রমের উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রীর আসন্ন সফরকে কেন্দ্র করে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী ৫ ডিসেম্বর তিনি গোবিন্দগঞ্জে এসে নির্ধারিত কর্মসূচিতে অংশ নেবেন।
মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রীর এই সফর শুধু আনুষ্ঠানিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং গোবিন্দগঞ্জসহ গাইবান্ধার সার্বিক উন্নয়ন, নদী ও খাল পুনর্খনন এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকারের অঙ্গীকারের প্রতিফলন ঘটবে। বিশেষ করে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে সাধারণ পরিবার ও কৃষকদের কল্যাণে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে নতুন গতি আসবে।
সাংবাদিকদের প্রশ্নে বিভিন্ন নদ-নদীতে অবৈধভাবে বালু উত্তোলন প্রসঙ্গে তিনি বলেন, একেবারে বালু উত্তোলন বন্ধ হয়ে গেলে উন্নয়ন কাজ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে। অতএব মিনিমাম বৈধতা রেখে উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য বালু উত্তলনের বিষয়টি স্থানীয় রাজনীতিবিদ, জনপ্রতিনিধি ও প্রশাসন বসে ঠিক করবে। এ সময় স্থানীয় সাংসদের বরাতে তিনি বলেন, এমপি শামীম কায়সার লিংকন গাইবান্ধার বিভিন্ন নদ-নদীতে উপজেলাভিত্তিক বালু উত্তলনে বালু মহাল ঘোষণার বিষয়টি মন্ত্রী পরিষদে তুলেছিলেন। যাতে বৈধভাবে বালু উত্তোলন করে উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যবহার করা যায় এবং সমানভাবে সেখান থেকে সরকার রাজস্বও আয় করতে পারেন।
এর আগে বগুড়া থেকে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানান। পরিদর্শনকালে ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা ও উপজেলা পর্যায়ের দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সরকার প্রধানের সম্ভাব্য কর্মসূচি অনুযায়ী, সফরকালে প্রধানমন্ত্রী করতোয়া নদী খনন কার্যক্রমের উদ্বোধন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং ধর্মীয় প্রতিষ্ঠানপ্রধানদের সম্মানি প্রদানসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন করবেন। এ ছাড়া দুটি পথসভায় তার বক্তব্য দেওয়ারও কথা রয়েছে।
বাংলা৭১নিউজ/আরএইচ






















