বরগুনায় কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এস এম মশিউর রহমান শিহাবের বাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও মশাল মিছিলের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। এতে জেলাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে বৃহস্পতিবার দিনভর লকডাউনের কোনও প্রভাব পড়েনি জেলার স্বাভাবিক জীবনযাত্রায়।
খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার রাত ৮টার দিকে আমতলী উপজেলার শাখারিয়া বাজারসংলগ্ন বরিশাল-কুয়াকাটা মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করেন। এ সময় পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পাশাপাশি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাস ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
রাত সাড়ে ৯টার দিকে বরগুনা পৌর মাছবাজারের সামনে আরও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
অন্যদিকে, পৌর শহরের চরকলোনী এলাকায় কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এস এম মশিউর রহমান শিহাবের বাড়িতে আগুন ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ছাড়া শহরের স্টেডিয়াম এলাকায় টায়ারে পেট্রোল ঢেলে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এসব ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। লকডাউনের নামে নৈরাজ্য ও অগ্নিসংযোগের প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা।
এ দিকে এসব ঘটনার কারণে বরগুনা থেকে ঢাকা ও দেশের অন্যান্য জেলায় চলাচলকারী যানবাহনের সংখ্যা কিছুটা কম ছিল। তবে দিনভর জেলার স্বাভাবিক কার্যক্রমে লকডাউনের উল্লেখযোগ্য প্রভাব দেখা যায়নি।
জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের তথ্য অনুযায়ী, বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত নাশকতা ও নৈরাজ্যের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা।
বাংলা৭১নিউজ/জেএস























