পাবনার বেড়া মডেল থানার সামনে বিক্ষোভ মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা ধাওয়া দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ ঘটনার কিছুক্ষণ পর সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়ির পাশে থাকা খড়ের পালায় আগুন দেয়ার ঘটনা ঘটে। এ সময় বাড়িটিতে ভাঙচুরও চালানো হয় বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেড়া পৌর এলাকার বৃশালিখা এলাকায় এসব ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৃশালিখা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি বেড়া মডেল থানার সামনে পৌঁছালে তারা ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে মিছিলকারীদের ধাওয়া করেন। একপর্যায়ে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
এর কিছুক্ষণ পর সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়ির পাশে এবং বাড়ির ভেতরে থাকা খড়ের পালায় আগুন দেয়ার ঘটনা ঘটে। পাশাপাশি বাড়িটিতে ভাঙচুর চালানোর খবরও পাওয়া গেছে। তবে কারা আগুন দিয়েছে বা ভাঙচুরের সঙ্গে কারা জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে বেড়া পৌর ছাত্রদলের সদস্যসচিব মানিক হোসেন বলেন, ফ্যাসিবাদীদের কোনো সুযোগ দেয়া যাবে না। তাদের যেখানে পাওয়া যাবে, সেখান থেকে ধরে পুলিশে সোপর্দ করতে হবে।
বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার বলেন, আমরা বাইরে ছিলাম। এখানে পাড়ায় পাড়ায় ব্যাপক মারামারি হচ্ছে। খুবই ব্যস্ত আছি। থানা ঘেরাওয়ের এমন কোনো ঘটনা জানা নেই। তবে সাবেক ডেপুটি স্পিকারের বাড়ির পাশে খড়ের পালায় দুর্বৃত্তরা আগুন দিয়েছে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
বাংলা৭১নিউজ/জেএস






















