রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা ও জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতিতে বাংলাদেশের অঙ্গীকারের প্রশংসা করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। তবে পারমাণবিক ও তেজস্ক্রিয়তা সংক্রান্ত জরুরি প্রস্তুতি আরও জোরদার করতে পাঁচটি সুনির্দিষ্ট ক্ষেত্রে উন্নতির সুপারিশ করেছে সংস্থাটির পর্যবেক্ষক দল।
গত ৮ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে ১০ দিনব্যাপী ‘ইমার্জেন্সি প্রিপেয়ার্ডনেস রিভিউ’ (ইপ্রেভ) মিশন পরিচালনা শেষে এই মূল্যায়ন তুলে ধরে আইএইএ। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি চালুর প্রাক্কালে আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড অনুযায়ী বাংলাদেশের জরুরি সাড়াদান ব্যবস্থা যাচাই করতে এই মিশন পরিচালিত হয়।
গতকাল বুধবার রাতে আইএইএ-র ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের আর্গন ন্যাশনাল ল্যাবরেটরির অ্যাসেসমেন্ট অ্যান্ড রেসপন্স গ্রুপে প্রধান মার্ক ব্রেইটিঙ্গারের নেতৃত্বে ৯টি দেশের বিশেষজ্ঞ ও আইএইএ কর্মকর্তাদের সমন্বয়ে দলটি গঠিত হয়। সফরকালে দলটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান পরিদর্শন ছাড়াও সরকারি কর্মকর্তা, পুলিশ, উদ্ধারকারী সংস্থা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় করে।
পর্যালোচনায় আইএইএ দলটি দেশের বিদ্যমান দুর্যোগ ব্যবস্থাপনা কাঠামো এবং রূপপুর প্রকল্পের নিজস্ব জরুরি সেবাগুলো, বিশেষ করে এর মেডিকেল ক্লিনিক ও বিশেষায়িত ফায়ার স্টেশনের প্রশংসা করেছে।
তবে সার্বিক ব্যবস্থাকে নিখুঁত করতে পাঁচটি বিষয়ে আরও উন্নতির তাগিদ দিয়েছে সংস্থাটি। এগুলো হলো- পারমাণবিক জরুরি পরিস্থিতিকে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাঠামোর সঙ্গে পুরোপুরি সমন্বয় করা, সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় বাড়ানো, একটি পূর্ণাঙ্গ জাতীয় সুরক্ষা কৌশল চূড়ান্ত করা, কারিগরি ও জনসাধারণের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করা এবং রূপপুরে একটি পূর্ণাঙ্গ মহড়াসহ নিয়মিত জরুরি মহড়ার আয়োজন করা।
বিজ্ঞপ্তিতে মার্ক ব্রেইটিঙ্গার বলেন, আইএইএ-র নিরাপত্তা মানদণ্ডের সঙ্গে সংগতি রেখে জরুরি প্রস্তুতি ও সাড়াদান ব্যবস্থা জোরদারে বাংলাদেশ দৃঢ় অঙ্গীকার দেখিয়েছে। বিদ্যুৎকেন্দ্রটি চালুর প্রস্তুতির এই পর্যায়ে সব সংস্থার মধ্যে আমরা খোলামেলা ও গঠনমূলক মনোভাব লক্ষ্য করেছি, যা নিরাপত্তার প্রতি দেশটির নিষ্ঠারই প্রতিফলন।
এ বিষয়ে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, এই মিশন দেশের বিদ্যমান প্রস্তুতি মূল্যায়ন, উন্নতির ক্ষেত্রগুলো চিহ্নিত করা এবং জাতীয় সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন জানান, সরকার আইএইএ-র সুপারিশগুলো বাস্তবায়নে পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে জাতীয় জরুরি প্রস্তুতি ও সাড়াদান কাঠামো আরও শক্তিশালী করতে আমরা মন্ত্রণালয়, জরুরি সেবা সংস্থা এবং স্থানীয় প্রশাসনের দায়িত্ব সুনির্দিষ্ট করে একটি স্পষ্ট কর্মপরিকল্পনা তৈরি করছি। এর মাধ্যমে আমাদের জনগণ, পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করা হবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। প্রথম দিনেই কেন্দ্রটি থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়।
বাংলা৭১নিউজ/আরএইচ






















