চার বছর ধরে অযত্নে পড়ে ছিল মানিকগঞ্জ শহরের একমাত্র পৌর শিশু পার্ক। নষ্ট হয়ে গিয়েছিল খেলাধুলার সরঞ্জাম, হারিয়েছিল শিশুদের কলকাকলিও। নির্বাচনের আগে পার্কটি সংস্কার করে চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। অবশেষে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়েছে।
নতুন সাজে সংস্কার শেষে আবারও শিশুদের জন্য খুলে দেওয়া হয়েছে মুক্তিযোদ্ধা পৌর শিশুপার্কটি। এতে দীর্ঘদিন পর শহরের শিশুদের খেলাধুলা ও বিনোদনের পাশাপাশি পরিবার নিয়ে অবসর সময় কাটানোর নতুন সুযোগ তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় শহীদ রফিক সড়ক-সংলগ্ন মুক্তিযোদ্ধা পৌর শিশুপার্কের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
উদ্বোধনকালে খাদ্যমন্ত্রী বলেন, মানিকগঞ্জে শিশুদের বিনোদনের জন্য তেমন কোনো পার্ক ছিল না। এই পার্কটিও দীর্ঘদিন অবহেলা-অযত্নে পড়ে ছিল। পার্কটি সংস্কার করে নতুন রূপে ফিরিয়ে আনার বিষয়টি নির্বাচনী ইশতেহারে ছিল। ভোটারদের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী পার্কটি সংস্কার করা হয়েছে। বিজয়ের মাস আসার আগেই পার্কটি শিশু-কিশোরদের ব্যবহার উপযোগী করে সাজাতে পেরে আমি আনন্দিত।
দীর্ঘদিন পর পার্কটি চালু হওয়ায় খুশি স্থানীয় অভিভাবক ও শিশুরা। তাদের মতে, শিশুদের খেলাধুলা ও বিনোদনের পাশাপাশি পরিবার নিয়ে অবসর সময় কাটানোর জন্য পার্কটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আসফিয়া জানায়, পার্কে এসে খেলতে তার খুব ভালো লাগছে। আগে এই পার্কে ঠিকমতো খেলাধুলা করা যেত না।
পৌরসভার বাসিন্দা ফারহানা বলেন, সন্তানরা প্রায়ই পার্কে যাওয়ার বায়না করত। কিন্তু একসময় পার্কটির বেহাল অবস্থা দেখে সন্তানদের আর সেখানে নিয়ে যাওয়া সম্ভব হতো না। এতে শিশুরা ধীরে ধীরে মুঠোফোনে বেশি সময় কাটাতে শুরু করে। পার্কটি আবার চালু হওয়ায় আমার মতো অনেক অভিভাবকই খুশি। এখন শিশুদের জন্য সুন্দর ও মনোরম পরিবেশ তৈরি হয়েছে।
এ সময় জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/আরএইচ






















