শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় বুধবার (১৮ নভেম্বর) দেশটির প্রধানমন্ত্রী ড. হারিণী আমারাসুরিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তারা দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
সাক্ষাৎকালে তারা দুই দেশের দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বহুপক্ষীয় পর্যায়ে চলমান সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। এর মধ্যে বাণিজ্য, নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশের মতো বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।
প্রতিমন্ত্রী দুই দেশের দারিদ্র্য বিমোচন ও পরিবেশ সুরক্ষায় নেওয়া সরকারি উদ্যোগের মধ্যে সাদৃশ্য তুলে ধরেন। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া ‘ফ্যামিলি কার্ড’, ‘ফার্মার্স কার্ড’, পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানো এবং ২০ হাজার কিলোমিটার খাল ও জলপথ পুনঃখননের উদ্যোগের কথা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে জানান।
হুমায়ুন কবির বলেন, এসব উদ্যোগের দর্শন ও লক্ষ্য শ্রীলঙ্কার বর্তমান সরকারের নেওয়া ‘প্রজাশক্তি’ ও ‘ক্লিন শ্রীলঙ্কা’ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
তারা দুই দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতার ধারাকে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করেন।
এ সময় প্রতিমন্ত্রী শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
বাংলা৭১নিউজ/আরএইচ
























