জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা, কৃষি ও প্রতিবেশ ব্যবস্থার সহনশীলতার উন্নয়নে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) আন্তর্জাতিক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সম্মেলন কক্ষে ‘ফ্রম ক্লাইমেট ইনভেস্টমেন্ট টু সাসটেইনড রেজিলিয়েন্স লেসনস ইফাদ এক্সপেরিয়েন্স’ শিরোনাম এই সেমিনার অনুষ্ঠিত হয়।
গাকৃবি ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) ইন্ডিপেন্ডেন্ট অফিস অব ইভালুয়েশন (আইওই)-এর যৌথভাবে সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. জাহিদুর রহমান এবং ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। আন্তর্জাতিক এ সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য দেন আইওই-ইফাদের পরিচালক ড. ইন্দ্রান নাইডু এবং একই প্রতিষ্ঠানের সেকশন প্রধান ড. কুয়েসি ম্যাক্সিমিন কোজো।
এ ছাড়া উপস্থিত ছিলেন ইফাদের বাংলাদেশ, এশিয়া ও প্যাসিফিক বিভাগের কান্ট্রি ডিরেক্টর ও রিপ্রেজেন্টেটিভ ড. ইর. ভ্যালান্টাইন আচানচো, গাকৃবির বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, শিক্ষক, প্রক্টর এবং পিএইচডি শিক্ষার্থীরা।
সেমিনারে সভাপতিত্ব করেন গাকৃবির কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম, যিনি একই সঙ্গে আইওই-ইফাদের মূল্যায়ন দলের জিআইএস কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, জলবায়ু পরিবর্তন এখন শুধু পরিবেশগত সংকট নয়, এটি কৃষি, খাদ্যনিরাপত্তা, জীবিকা ও মানবসভ্যতার জন্য এক বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজন বিজ্ঞানভিত্তিক গবেষণা, কার্যকর বিনিয়োগ এবং গবেষণালব্ধ জ্ঞানের বাস্তব প্রয়োগ। ইফাদের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের অভিজ্ঞতা ও সহযোগিতা গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণার পরিধি ও সক্ষমতাকে আরও সমৃদ্ধ করবে।
সেমিনারটি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ও ইফাদের মধ্যে গবেষণা, জ্ঞান বিনিময় এবং জলবায়ু সহনশীল কৃষি উন্নয়নে ভবিষ্যৎ সহযোগিতার নতুন সম্ভাবনা উন্মোচন করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বাংলা৭১নিউজ/আরএইচ



























