গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা। পরিস্থিতির কারণে আশপাশের কয়েকটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় এ কর্মসূচি শুরু হয়।
শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ট্রপিক্যাল এবং পূর্ব চন্দ্রা এলাকার এপেক্স লিঞ্জারি নামের দুটি পোশাক কারখানার শ্রমিকেরা গত বৃহস্পতিবার বিভিন্ন দাবিতে আন্দোলনে নামেন। ওই দিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে কয়েকজন শ্রমিক আহত হন।
বৃহস্পতিবার আহত এক শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শনিবার সকালে শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা কারখানার কাছেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।
পরিস্থিতির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গাজীপুর শিল্প পুলিশ, কালিয়াকৈর থানা-পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তারা শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। তবে বিক্ষোভের একপর্যায়ে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। দীর্ঘ সময় যানবাহনে আটকে থাকার পরিবর্তে অনেককে হেঁটেই গন্তব্যের উদ্দেশে রওনা হতে দেখা গেছে।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, একজন শ্রমিকের মৃত্যুর খবরকে কেন্দ্র করে শ্রমিকেরা বিক্ষোভ করছেন। তবে তাদের মূল দাবি বেতন বৃদ্ধি। আশপাশের সাত থেকে আটটি কারখানার শ্রমিকেরা এ আন্দোলনে অংশ নিয়েছেন।
বাংলা৭১নিউজ/আরএইচ























