সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ ডিসেম্বর রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক স্মরণসভার আয়োজন করা হবে। একই সঙ্গে স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন নাগরিক সমাজের পক্ষে জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ। নাগরিক সমাজের পক্ষ থেকে বলা হয়, এই স্মরণসভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মরহুমা বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। এ ছাড়া দেশের রাজনীতিবিদ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট নাগরিকরা এতে অংশগ্রহণ করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। স্মরণসভাকে অর্থবহ ও স্মরণীয় করে রাখতে বেগম খালেদা জিয়ার জীবন, রাজনৈতিক দর্শন, কর্মময় অভিজ্ঞতা, ব্যক্তিত্ব, নেতৃত্ব, দেশ ও জাতির প্রতি অবদান এবং তাঁর জীবনের নানা অজানা অধ্যায় নিয়ে একটি বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে দেশের বিশিষ্ট ব্যক্তি, রাজনীতিবিদ, সাংবাদিক, লেখক, গবেষক, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, পেশাজীবী এবং বেগম খালেদা জিয়ার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ব্যক্তিদের কাছ থেকে মৌলিক ও বিশ্লেষণধর্মী লেখা আহ্বান করা হচ্ছে, যা আগামী ৩০ নভেম্বরের মধ্যে পাঠাতে হবে। এ ছাড়া বেগম খালেদা জিয়ার কর্মময়, সংগ্রামী ও ঘটনাবহুল রাজনৈতিক জীবন, নেতৃত্ব, সাফল্য এবং জাতীয় জীবনে তাঁর অর্জন নিয়ে একটি তথ্যসমৃদ্ধ ও প্রামাণ্য ভিডিও ডকুমেন্টারি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রামাণ্যচিত্র ও স্মারকগ্রন্থটি বেগম খালেদা জিয়ার জীবন ও কর্মের বহুমাত্রিক মূল্যায়ন, তাঁর রাজনৈতিক উত্তরাধিকার, রাষ্ট্রচিন্তা এবং বাংলাদেশের ইতিহাসে তাঁর অবদানকে প্রামাণ্যভাবে তুলে ধরার একটি প্রয়াস। একই সঙ্গে এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাঁর জীবন ও রাজনৈতিক ভূমিকার একটি মূল্যবান ঐতিহাসিক দলিল হয়ে থাকবে।
বাংলা৭১নিউজ/আরএইচ





















