রাজশাহীর তানোরে এক তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম পলাশ আলী (৩০)।
তিনি দলটির তানোর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক। পলাশের বাড়ি তানোর উপজেলার প্রাণপুর গ্রামে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, তিনি একটি এনজিওতে চাকরি করেন। একই সংস্থার কর্মী তার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ এনেছেন। অভিযোগে বলা হয়েছে, গত ২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে ওই তরুণী কিস্তির টাকা আদায় শেষে ফিরছিলেন। তখন পলাশ তাকে ধর্ষণচেষ্টা চালান।
তবে অভিযোগ অস্বীকার করেছে এনসিপির তানোর উপজেলা শাখা। শাখাটির সেক্রেটারি মোরশেদ আলী এটিকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা বলে দাবি করেছেন।
তার ভাষ্য, এনসিপিতে যোগ দেওয়ার আগে পলাশ ওই সংস্থায় কাজ করতেন। সেখানকার পুরনো কোনো বিরোধের জের ধরে তাকে ফাঁসানো হয়েছে। এর প্রতিবাদ করা হবে বলেও তিনি জানান।
এনসিপির রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক নাহিদুল ইসলাম জানান, তানোরের কমিটি সম্পর্কে তার বিস্তারিত জানা নেই। ঘটনাটি জানার পর উপজেলার দায়িত্বশীলদের অবহিত করা হয়েছে। তারা সঠিক তথ্য জানাবেন বলে তিনি আশা করছেন। অভিযোগ সত্য প্রমাণিত হলে দলীয়ভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
বাংলা৭১নিউজ/আরএইচ

























