শঙ্কাটা মাঠ ছাড়ার সময়ই জেগেছিল। মাঠ থেকে ছিটকে যাচ্ছেন সাদ উদ্দিন।
শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয় পাওয়ার পর তার ছিটকে যাওয়ার বিষটি নিশ্চিতও করেছিলেন কোচ থমাস ডুলি। জানিয়েছিলেন, সাফ চ্যাম্পিয়নশিপ শেষ তার।
কিন্তু জামাল ভূঁইয়া আরো বড় সংবাদ দিলেন। কমপক্ষে এক বছরের জন্য নাকি মাঠের বাইরে থাকতে হবে ডিফেন্ডার সাদকে।
আজ এবিজি স্পোর্টস সিটিতে সকালের অনুশীলনে এসে এমনটি জানান জামাল। বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেছেন, ‘আমি শুনলাম সাদের অ্যাকিলিস (টেন্ড) ওইটা ছিঁড়ে গেছে, তাই কমপক্ষে এক বছর বাইরে থাকবে।’
জাতীয় স্টেডিয়ামে গতকাল শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। তবে দুর্দান্ত জয়টা মাঠ থেকে উপভোগ করতে পারেননি সাদ।
ম্যাচের ৭৬তম মিনিটে প্রতিপক্ষের কড়া ট্যাকলের শিকার হয়ে স্ট্রেচারে মাঠ ছাড়েন তিনি। পরে হাসপাতালে ছুটতে হয় এই ডিফেন্ডারকে।
সাফে বাংলাদেশর একমাত্র সাফল্য ২০০৩ সালের শিরোপা। ঘরের মাঠে সেবার উদযাপন করেছিলেন আমিনুল হক-আলফাজ আহমেদ-মতিউর রহমান মুন্নারা। ২৩ বছর পর আবারো সেই উদযাপনের মুহূর্ত ঘরে পেতে পারেন হামজা চৌধুরি-জামালরা।
শিরোপা উদযাপন করতে দুই ধাপ ডিঙাতে হবে তাদের। প্রথম ধাপ আগামী শনিবারের সেমিফাইনালে। পাকিস্তানকে হারাতে পারলে শিরোপার কাছাকাছি থাকবে বাংলাদেশ।
বাংলা৭১নিউজ/আরএইচ




























