বাতাস যেভাবে ভারী হচ্ছে তাতে মাইকেল ক্যারিকের বিদায় প্রায় নিশ্চিত। তাতে ম্যানচেস্টার ইউনাইটেডের ডাগআউটে নতুন মুখ দেখার অপেক্ষা হয়তো আর বেশি দিনের নয়।
ক্যারিককে বিদায় দেওয়ার আগে নতুন কোচও খোঁজও শুরু করেছে ইউনাইটেড।
আর্জেন্টাইন কোচ মরিসিও পচেত্তিনোকে মনে ধরেছে ইংলিশ ক্লাবটির। শোনা যাচ্ছে, প্রস্তাব পেলে দায়িত্ব নিতে প্রস্তুত পচেত্তিনোও। বর্তমানে যুক্তরাষ্ট্রের জাতীয় দলের কোচ তিনি।
বিবিসি স্পোর্ট জানিয়েছে, পচেত্তিনোর সঙ্গে ইতিমধ্যে আলোচনা শুরু করেছে ইউনাইটেড। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ক্যারিককে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত আসতে পারে। এর পরই আনুষ্ঠানিক প্রস্তাব দিতে পারে ক্লাবটি।
যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশনের প্রতি সম্মান দেখাতে চান পচেত্তিনো।
তাই ৫৪ বছর বয়সী কোচ নাকি নিজে থেকে কোনো পদক্ষেপ না নিয়ে ইউনাইটেডের আনুষ্ঠানিক যোগাযোগের অপেক্ষায় আছেন।
পচেত্তিনোকে ডাগআউটে দেখতে হলে গাটের টাকা খরচ করতে হবে ইউনাইটেডকে। চুক্তি থেকে মুক্ত করতে যুক্তরাষ্ট্রকে ১ কোটি ডলার (৭৫ লাখ পাউন্ড) দিতে হবে রেড ডেভিলদের। কেননা গত আগস্টেই আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন চুক্তি করেছেন তিনি।
এর আগে সাউদাম্পটন, টটেনহাম, পিএসজি ও চেলসির দায়িত্বে ছিলেন পচেত্তিনো।
২০২৪ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের কোচ হন তিনি। তার অধীনে ২০২৬ বিশ্বকাপে শেষ ষোলোতে খেলেছে স্বাগতিক দেশটি।
ক্যারিকের ভবিষ্যৎ নিয়ে বুধবার মোনাকোয় বৈঠকে বসেন ইউনাইটেডের প্রধান নির্বাহী ওমর বেরাদা, ফুটবল পরিচালক জেসন উইলকক্স ও সহস ত্ত্বাধিকারী জিম র্যাটক্লিফ। ৪৫ বছর বয়সী কোচের অধীনে প্রিমিয়ার লিগে প্রথম ১০ ম্যাচে মাত্র একটিতে জিতেছে ইউনাইটেড। ১৮তম স্থানে থাকা দলটি এখন অবনমন অঞ্চলে।
বাংলা৭১নিউজ/আরএইচ




























