তবে গতকাল জাতীয় স্টেডিয়ামে ফারহান আলী ওয়াহিদ যে গোলটি করলেন তা চোখে লেগে থাকার মতোই। এমন অনিন্দ্য সুন্দর গোল দেখে প্রাণ জুড়েছে দর্শকদের।
জুড়ারই কথা! এমন অবিশ্বাস্য গোলের দেখা সচরাচর মেলে না। আর বাংলাদেশের ফুটবল অঙ্গনে দূর কি বাত।
তার গোলের সময় তাই হামজা চৌধুরীর অভিব্যক্তি ছিল দেখার মতো। বলটি যখন জালে জড়ায় তখন বিশ্বাসই করতে পারছিলেন বাংলাদেশের অধিনায়ক হামজা।
ম্যাচের ৫২ মিনিটের সময় বল পায়ে বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে শুরুতে শরীরের নাচোনে শ্রীলঙ্কার দুই ডিফেন্ডারের ফাঁক গলে বেরিয়ে যান ফারহান। ফিরতি মুহূর্তেই আবার একই দৃশ্য।
দুই পাশে প্রতিপক্ষের দুজন। এবার নিজের দুই পায়ে বল দেওয়া-নেওয়া করে বেরিয়ে গেলেন। সামনে থাকা গোলরক্ষকসহ আরো দুই ডিফেন্ডারের জটলা দেখে ঠান্ডা মাথায় ডান পায়ে অনেকটা চিপের মতো করে বলকে জালের সঙ্গে সম্পর্ক করতে পাঠালেন। দৃশ্যটি হাজারোবার রিপ্লে করে দেখলেও মুগ্ধতা যেন শেষ হবে না।
গোলের মাহাত্ম্য বোঝা যায় থমাস ডুলির ম্যাচ শেষের ছোট্ট এক বাক্যে।
বাংলাদেশের কোচ বলেছেন, ‘কী গোলটাই না করল ফারহান!’ শিষ্যর প্রশংসা করে তিনি আরো বলেছেন, ‘কয়েকজনকে কাটিয়ে গোল করা সহজ নয়। ফারহান অসাধারণ করেছে।’
শুধু গোল নয়, পুরো ম্যাচেই দুর্দান্ত ছিলেন বাংলাদেশের মাঠে প্রথমবার খেলতে নামা ফারহান। এতটাই নজরকাড়া পারফরম্যান্স ছিল শ্রীলঙ্কার কোচ স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য তার জার্সি চেয়ে নিয়েছেন।
এমন চোখধাঁধানো গোলের পর স্বাভাবিকভাবেই জানার আগ্রহ থাকে গোলদাতা তখন কি ভেবেছিলেন। সেটাই জানতে চাওয়া হয়েছিল ফারহানের কাছেও। তিনি বলেন, ‘যখনই আমি ওই জায়গাটার দিকে বল পেলাম, ওটাই মূলত আমার খেলার পছন্দের জায়গা যেখানে আমি থাকতে চাই। আমি জানি ডি-বক্সে আমাকে ছোঁয়া যাবে না, আর স্পর্শ করলেই সেটা পেনাল্টি হবে। তাই হ্যাঁ, মাথায় কেবল একটাই ভাবনা ঘুরছিল—মার্কারকে কাটিয়ে শট নেওয়া। আর হ্যাঁ, সেটাই হয়েছে। ঘরের মাটিতে অভিষেকে নিজের প্রথম গোলটি পেয়ে আমি সত্যিই আনন্দিত।’
অবিশ্বাস্য গোলের রাতে ফুটবলের ‘প্রাণ’ দর্শকদের সমর্থনে মুগ্ধ ফারহান। ফুলহাম থেকে ধারে বোরেহাম উডের উইঙ্গার বলেছেন, ‘সমর্থকেরা অসাধারণ! স্টেডিয়ামের আবহ—সবকিছুই অনেক সাহায্য করেছে। এসব আমাকে ভীষণ অনুপ্রাণিত করে, আত্মবিশ্বাস জোগায় মাঠে নেমে নিজের সেরাটা তুলে ধরতে। আর হ্যাঁ, এখানে থাকতে পেরে আমি সত্যিই খুব খুশি।’
বাংলা৭১নিউজ/আরএইচ




























