যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের উদ্যোগ ব্যর্থ হয়েছে। তার বিরুদ্ধে আনা আটটি অভিযোগের ভিত্তিতে অভিশংসন প্রক্রিয়া এগিয়ে নেওয়ার প্রস্তাবটি মঙ্গলবার (১০ নভেম্বর) প্রতিনিধি পরিষদে নাকচ হয়ে যায়।
বিবিসি জানিয়েছে, ২১১-২০৪ ভোটে প্রস্তাবটি হাউস জুডিশিয়ারি কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত হয়। ফলে আপাতত পদে বহাল থাকছেন হেগসেথ।
হেগসেথের বিরুদ্ধে কেনটাকির রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি অভিশংসনের প্রস্তাবটি উত্থাপন করেছিলেন। তার অভিযোগ, কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করে আইন ভঙ্গ করেছেন প্রতিরক্ষামন্ত্রী।
এ ছাড়া প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় সাগরে মাদক পাচারের সন্দেহে বিভিন্ন নৌযানে মার্কিন হামলায় বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগও আনা হয় তার বিরুদ্ধে।
মঙ্গলবার ক্যাপিটল হিলে এ নিয়ে ভোটাভুটি হয়। প্রস্তাবটি রিপাবলিকান-নিয়ন্ত্রিত হাউস জুডিশিয়ারি কমিটিতে পাঠানোর পক্ষে সংখ্যাগরিষ্ঠ সদস্য ভোট দেন। প্রস্তাবক ম্যাসিই ছিলেন একমাত্র রিপাবলিকান, যিনি এর বিরোধিতা করেন।
ভোটের সময় ১১ জন ডেমোক্র্যাটসহ এক ডজনের বেশি আইনপ্রণেতা অনুপস্থিত ছিলেন।
এই সিদ্ধান্তের ফলে হেগসেথকে অভিশংসনের উদ্যোগ কার্যত থেমে গেল। কারণ, আগামী জানুয়ারিতে নতুন কংগ্রেসের অধিবেশন শুরুর আগে বর্তমান কংগ্রেসের হাতে সময় খুব কম। আগামী মধ্যবর্তী নির্বাচনের পর কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তখন তারা চাইলে অভিশংসনের বিষয়টি আবারও সামনে আনতে পারবেন।
ভোটের ফলাফলকে স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি বলেন, অভিশংসনের এই প্রচেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। হেগসেথকে একজন দেশপ্রেমিক হিসেবে উল্লেখ করে তিনি তার নেতৃত্বের প্রশংসা করেন।
অন্যদিকে, ভোটের ফলাফলে হতাশা প্রকাশ করেছেন ম্যাসি। তিনি বলেন, আইনপ্রণেতারা কী করা প্রয়োজন তা জানেন, কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়ার সাহস তাদের নেই। এমনকি রাজনৈতিকভাবে লাভবান হওয়ার সুযোগ থাকলেও তারা দায়িত্ব নিতে চান না।
এর আগে ম্যাসি বলেছিলেন, তার এই উদ্যোগ তাৎক্ষণিকভাবে সফল না হলেও হেগসেথকে সরিয়ে দেওয়ার জন্য ট্রাম্প প্রশাসনের ওপর চাপ তৈরি করবে। তার মতে, এখনই প্রতিরক্ষামন্ত্রীকে সরানো হলে নতুন একজন যোগ্য ব্যক্তিকে নিয়োগ দেওয়ার জন্য সিনেট পর্যাপ্ত সময় পাবে।
এদিকে, মঙ্গলবার পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে অভিশংসনের উদ্যোগকে রাজনৈতিক চমক বলে মন্তব্য করেন হেগসেথ। তিনি বলেন, এটি দেশপ্রেম নয়, বরং নাশকতার চেষ্টা।
তবে অভিশংসনের উদ্যোগ ব্যর্থ হলেও হেগসেথের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। রিপাবলিকানদের মধ্যেও তাকে নিয়ে অসন্তোষ রয়েছে। টেক্সাসের রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ মঙ্গলবার আশা প্রকাশ করেছেন, হেগসেথ পদত্যাগ করবেন অথবা প্রেসিডেন্ট ট্রাম্প তাকে বরখাস্ত করবেন।
বাংলা৭১নিউজ/আরএইচ



























