ভোলার চরফ্যাশন উপজেলা যুবদলের প্রতিবাদ মিছিল শেষে বাড়ি ফেরার পথে নাজমুল (৩০) নামের এক কর্মীকে কুঁপিয়ে জখম করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ সময় তার চিৎকারে আশপাশের মানুষ এসে তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড এ হামলার ঘটনা ঘটে।
আহত যুবদল কর্মী নাজমুল বলেন, ‘আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে চরফ্যাশন উপজেলা যুবদলের প্রতিবাদ মিছিল শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলাম। আব্দুল্লাহপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শওকত মাঝি বাড়ীর সামনে পৌঁছালে আমাকে অস্ত্রধারী কয়েকজন অবরুদ্ধ করে। এ সময় তারা আমাকে এলোপাতাড়ি কোপাতে থাকে।
আমার চিৎকারে আশপাশের মানুষ এসে আমাকে উদ্ধার করে।’
নাজমুল আরো বলেন, ‘আমি এদের মধ্যে শওকত মাঝি, রুবেল, সাইফুল ও হানিফকে চিনতে পেরেছি। তাদের উদ্দেশ্য ছিল আমাকে হত্যা করা। তারা বিগত সময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া বলেন, ‘রাতে যুবদলের মিছিল শেষে বাড়ি ফেরার পথে আওয়ামী লীগের সন্ত্রাসীরা যুবদল কর্মীর ওপর অতর্কিত হামলা চালিয়ে তাকে কুপিয়ে জখম করেছে। দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি।’
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ আল-ফরিদ ভূঁইয়া বলেন, ‘মারধর ও কোপানোর একটি ঘটনার কথা শুনেছি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’
বাংলা৭১নিউজ/আরএইচ
























