স্প্যানিশ দ্বিতীয় ডিভিশনের ম্যাচে মাঠে মর্মান্তিক সংঘর্ষে প্রাণ হারানো ফুটবলার হেসুস দে মিগেলের পরিবারের পাশে দাঁড়ানোর এক মহৎ মানবিক উদ্যোগ নিয়েছে স্প্যানিশ ক্লাব ইউডি আলমেরিয়া। সম্প্রতি ক্লাবটির ২৫ শতাংশ শেয়ার কিনেছেন পর্তুগিজ কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো।
শোকাহত স্প্যানিশ ফুটবল অঙ্গনে সংহতি প্রকাশ করে তেনেরিফের বিপক্ষে আসন্ন হোম ম্যাচের সম্পূর্ণ টিকিট বিক্রির অর্থ প্রয়াত এই ফুটবলারের পরিবারকে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে আলমেরিয়া কর্তৃপক্ষ।
গত মঙ্গলবার তেনেরিফ ও অ্যান্ডোরার মধ্যকার স্প্যানিশ দ্বিতীয় বিভাগের এক ম্যাচে মাঠের ভেতরেই ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। প্রতিপক্ষের গোলরক্ষক জেসুস ওয়ানোর সঙ্গে মাঝমাঠের কাছাকাছি স্থানে হওয়া এক মারাত্মক সংঘর্ষের পর জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন ৩০ বছর বয়সী তেনেরিফ ফরোয়ার্ড মিগেল। পরবর্তী সময়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এতে পুরো ফুটবল বিশ্বে গভীর শোকের ছায়া নেমে আসে।
গত বছরের মে মাসে একটি সৌদি বিনিয়োগ গোষ্ঠীর কাছে ক্লাবটি হস্তান্তরের পর এবার এই বড় অংকের আর্থিক সহায়তার মানবিক সিদ্ধান্ত নিল ক্লাবটি। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য মিরর’-এর মাধ্যমে প্রকাশিত আলমেরিয়ার অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমের এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘সামাজিক ও মানবিক দায়বদ্ধতা এবং যেকোনো কঠিন পরিস্থিতিতে ফুটবল পরিবারের পাশে দাঁড়ানোর নৈতিক তাড়না থেকেই আমাদের সভাপতি মোহাম্মদ আল খেরেজির বিশেষ উদ্যোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ম্যাচডেতে সিডি তেনেরিফের বিপক্ষে আমাদের হোম ম্যাচের সব টিকিট বিক্রি থেকে প্রাপ্ত সম্পূর্ণ অর্থ হেসুস দে মিগেলের শোকস্তব্ধ পরিবারের সহায়তায় তুলে দেওয়া হবে।
বিবৃতিতে আরো বলা হয়, ‘আমরা খুব ভালো করেই জানি যে, প্রিয়জন হারানোর এই শূন্যতা কোনো কিছুতেই পূরণ হওয়ার নয় এবং কোনো আর্থিক বা মানসিক সমর্থনই এই বিশাল ট্র্যাজেডির ব্যথা কমাতে পারবে না। তবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ফুটবল শুধু মাঠের ৯০ মিনিটের খেলার সীমানার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং কঠিন সময়ে পারস্পরিক সহানুভূতি, সংহতি ও একে অপরের পাশে দাঁড়ানোই ফুটবল পরিবারের সবচেয়ে বড় শক্তি ও মূল্যবোধ। এই উদ্যোগের অংশ হিসেবে, যদি তাদের ব্যক্তিগত পরিস্থিতি অনুকূলে থাকে, তবে আমরা প্রয়াত এই ফুটবলারের পরিবারকে আমাদের স্টেডিয়ামে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি।’
এই মর্মান্তিক দুর্ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েছেন অ্যান্ডোরার গোলরক্ষক জেসুস ওয়ানো। ঘটনার আকস্মিকতায় দিশাহারা এই গোলরক্ষক নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সাময়িকভাবে নিষ্ক্রিয় করে দেওয়ার পর গত বুধবার একটি আবেগঘন বিবৃতি প্রকাশ করেছেন।
সেখানে তিনি বলেন, ‘আমার জীবনের সবচেয়ে কঠিন দিনগুলো পার করছি আমি। যা ঘটে গেছে, তা কোনোভাবেই নিজের ভেতর মেনে নিতে পারছি না এবং উপযুক্ত কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। হেসুসের এই অনাকাঙ্ক্ষিত প্রয়াণে আমার বুকে এক প্রচণ্ড কষ্ট ও যন্ত্রণা কাজ করছে। আমি শুধু হেসুস, তার পরিবার এবং তাকে ভালোবেসে যাওয়া প্রতিটি মানুষের কথা ভাবছি। জানি, সামনে আইনিসহ নানা বিষয় নিয়ে কথা হবে এবং আমি যেকোনো পরিস্থিতির মুখোমুখি হতে সম্পূর্ণ প্রস্তুত। কিন্তু সত্যি বলতে, এই মুহূর্তে হেসুস ও আমাদের এই বেদনার বাইরে অন্য কিছু ভাবার মতো মানসিক স্থিতি আমার নেই। শান্তিতে ঘুমাও, হেসুস।’
এদিকে দে মিগেলের প্রয়াণে গভীর শ্রদ্ধা জানিয়ে চলতি সপ্তাহের উয়েফা চ্যাম্পিয়নশিপ লিগের সব ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে। এছাড়া লেন্সের বিপক্ষে গোল করার পর কোমোর তরুণ তারকা নিকো পাজ প্রয়াত হেসুসের ছবি সংবলিত একটি বিশেষ টি-শার্ট প্রদর্শন করে তাকে মাঠেই শ্রদ্ধা জানান।
বাংলা৭১নিউজ/আরএইচ



























