‘রামায়ণ’ সিনেমায় শূর্পণখার চরিত্রে অভিনয় করেছেন রাকুল প্রীত সিং। পর্দায় চরিত্রটি ফুটিয়ে তুলতে প্রতিদিন দীর্ঘ সময় ধরে মেকআপ নিতে হতো তাকে।
সম্প্রতি ইনস্টাগ্রামে সিনেমাটির শুটিংয়ের নেপথ্যের কিছু ছবি প্রকাশ করে সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন অভিনেত্রী।
ছবিগুলোর একটিতে মেকআপ নেওয়ার সময় দেখা যায় রাকুলকে। অন্য ছবিতে শুটিংয়ের দৃশ্য ধারণের জন্য প্রস্তুত অবস্থায় অপেক্ষা করছেন তিনি। পোস্টের ক্যাপশনে অভিনেত্রী জানান, এই সিনেমার অভিজ্ঞতা নিয়ে কথা বলার জন্য অনেক দিন ধরেই অপেক্ষা করছিলেন।
রাকুলের কাছে ‘রামায়ণ’-এর মতো একটি গল্পের অংশ হতে পারা বিশেষ অভিজ্ঞতা। প্রজন্মের পর প্রজন্ম ধরে ভারতীয় সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা এই কাহিনি এত বড় পরিসরে পর্দায় জীবন্ত হতে দেখা তার জন্য আনন্দের বলেও জানান তিনি।
সিনেমাটির প্রযোজক নামিত মালহোত্রা ও পরিচালক নীতেশ তিওয়ারির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাকুল। ভারতীয় গল্পকে বিশ্বদর্শকের কাছে পৌঁছে দেওয়ার তাদের স্বপ্ন ও উদ্যোগের প্রশংসা করেন তিনি।
সহশিল্পী রণবীর কাপুর, সাই পল্লবী, যশ, রবি দুবে, কাজল আগরওয়াল ও শোভনার পাশাপাশি পুরো অভিনয়শিল্পী ও কলাকুশলীদেরও ধন্যবাদ জানিয়েছেন।
বিশেষভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন নিজের হেয়ার, মেকআপ ও পোশাক বিভাগের সদস্যদের প্রতি। রাকুল বলেন, তার সাজসজ্জা নিয়ে যে প্রশংসা পাচ্ছেন, তার কৃতিত্ব এই দলের। প্রতিদিন তাকে প্রস্তুত করতে চার ঘণ্টা সময় দিতেন তারা।
শূর্পণখা চরিত্রটি নিয়েও নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন অভিনেত্রী।
প্রচলিত বর্ণনায় শূর্পণখাকে অনেক সময় নেতিবাচক চরিত্র হিসেবে দেখানো হলেও রাকুলের মতে, চরিত্রটি বেশ জটিল ও বহুস্তরীয়। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি শূর্পণখাকে ‘ভুলভাবে বোঝা হয়েছে, এমন একটি বহুস্তরীয় চরিত্র’ বলে উল্লেখ করেছিলেন।
এর আগে সিনেমার ট্রেলার প্রকাশের পর এক ভক্ত তার শূর্পণখার সাজের প্রশংসা করে চরিত্রটি বেছে নেওয়ার কারণ জানতে চান। জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রাকুল জানান, চরিত্রটির জটিলতাই তাকে আকৃষ্ট করেছে। দর্শকেরা যেন খোলা মন নিয়ে শূর্পণখার গল্প দেখেন, সেই প্রত্যাশাও প্রকাশ করেন তিনি।
সবশেষে অভিনেত্রী বলেন, ‘এটি শুধু একটি সিনেমা নয়, এমন একটি মুহূর্ত, যা আমাকে ভারতীয় হিসেবে গর্বিত করে।’
বাংলা৭১নিউজ/আরএইচ
























