জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আজ বসছে সংগীতের আসর। ‘কনসার্ট ফর সলিডারিটি’ শীর্ষক এই আয়োজনে একই মঞ্চে গান শোনাবে দেশের জনপ্রিয় সাতটি ব্যান্ড।
সাত ঘণ্টার এই কনসার্টে থাকছে নগরবাউল জেমস, মাইলস, ওয়ারফেজ, ফিডব্যাক, আর্টসেল, শিরোনামহীন ও মেকানিক্সের পরিবেশনা।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে কনসার্টটি বাস্তবায়নে সহযোগিতা করছে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ঐক্য, সম্প্রীতি, সংহতি ও উদার চেতনার বাংলাদেশের বার্তা ছড়িয়ে দিতেই এই বিশেষ আয়োজন।
কনসার্টে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করে এক ভিডিও বার্তায় ওয়ারফেজ জানিয়েছে, ‘ঐক্য, সম্প্রীতি ও অদম্য চেতনার বাংলাদেশকে উদ্যাপন করতে আপনাদের মাঝে আসছি আমরা, ওয়ারফেজ।
দেখা হচ্ছে সবার সাথে।’
ব্যান্ডটির দলনেতা শেখ মনিরুল আলম জানান, মঞ্চে প্রায় ৪৫ থেকে ৫০ মিনিট সংগীত পরিবেশন করবে ওয়ারফেজ। এ সময় ব্যান্ডটির জনপ্রিয় গান ‘হারিয়ে তোমাকে’, ‘বসে আছি’ ও ‘পূর্ণতা’র মতো গান শোনার সুযোগ পাবেন দর্শক-শ্রোতারা।
কনসার্টে অংশ নেওয়ার খবর জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে নিজের উচ্ছ্বাস ভাগ করে নিয়েছেন জেমস।
এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘প্রিয় বন্ধুরা, দেখা হবে….জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে, ৭ নভেম্বর, মানিক মিয়া অ্যাভিনিউতে।’
আয়োজকদের সূচি অনুযায়ী, আজ বেলা সাড়ে তিনটায় কনসার্টের প্রবেশপথ খুলে দেওয়া হবে। মূল পরিবেশনা শুরু হবে বিকেল চারটায়। এর আগে বেলা তিনটায় একই স্থানে অনুষ্ঠিত হবে আলোচনা সভা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহেদ উর রহমান। এতে সভাপতিত্ব করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম।
আয়োজকদের প্রত্যাশা, সংগীতের মাধ্যমে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্যাপনের পাশাপাশি এই আয়োজন মানুষের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও সংহতির বার্তা ছড়িয়ে দেবে। সাতটি জনপ্রিয় ব্যান্ডের পরিবেশনায় মানিক মিয়া অ্যাভিনিউ পরিণত হবে উৎসবমুখর মিলনমেলায়। দর্শক-শ্রোতাদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে পুরো আয়োজন।
বাংলা৭১নিউজ/আরএইচ
























