ফ্রস্ট ব্লাস্ট টি-টোয়েন্টি করপোরেট ক্রিকেটের সিজন থ্রির ফাইনালে উঠেছে বসুন্ধরা স্ট্রাইকার্স। এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে বাংলাদেশ লয়ার্স ক্রিকেট ক্লাবকে (বিএলসিসি) ২৬ রানে হারিয়ে শিরোপার মঞ্চে জায়গা করে নিয়েছে দলটি।
ব্যাট হাতে সুমন আহমেদের দুর্দান্ত ইনিংসের পাশাপাশি বল হাতে কার্যকর ভূমিকা রেখেছেন শেহজাদ আকবর সোবহান ও লাজিমরা।
শুক্রবার টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বসুন্ধরা স্ট্রাইকার্স।
মাত্র ৮ রানে ওপেনার মাঈনকে হারায় তারা। এরপর খালিদ মাসুদ ও সুমন আহমেদের ব্যাটে ঘুরে দাঁড়ায় দলটি।
৩৫ বলে ৪ চার ও ৪ ছক্কায় ৫৮ রান করেন খালিদ। অন্য প্রান্তে ৪৯ বলে ৭ চার ও ২ ছক্কায় ৬৮ রানের ইনিংস খেলেন ম্যাচসেরা সুমন আহমেদ।
শেষ দিকে অন্তু ১৯ বলে ৪৬ রানের ঝড়ো ইনিংস খেললে ২০ ওভারে ৬ উইকেটে ১৮৪ রানের সংগ্রহ পায় বসুন্ধরা।
বিএলসিসির হয়ে আল আমিন শুভ ৩টি এবং সৈকত খান নেন ২টি উইকেট।
১৮৫ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই চাপে পড়ে বিএলসিসি। ইমরানের ২০ ও একরামুল হকের ৩২ রানের ইনিংস দলকে লড়াইয়ে রাখার চেষ্টা করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। শেষ দিকে আল আমিন শুভ ২১ বলে ৫২ রানের অপরাজিত ইনিংস খেলে ব্যবধান কমান। তবে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৮ রানের বেশি করতে পারেনি বিএলসিসি।
বসুন্ধরার হয়ে লাজিম ২০ রান দিয়ে ২ উইকেট নেন।
একটি করে উইকেট শিকার করেন শেহজাদ আকবর সোবহান, তাপস ঘোষ, জনি, শোভন ও মাঈন।
অনবদ্য ব্যাটিংয়ের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন সুমন আহমেদ। এই জয়ে ফ্রস্ট ব্লাস্ট টি-টোয়েন্টি করপোরেট ক্রিকেটের সিজন থ্রির ফাইনালে জায়গা করে নিল বসুন্ধরা স্ট্রাইকার্স। ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন বসুন্ধরা স্ট্রাইকার্সের অধিনায়ক শেহজাদ আকবর সোবহান।
বাংলা৭১নিউজ/আরএইচ



























