রাজধানীর গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ডাকসুর সাবেক এজিএস ও নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-সাহিত্য সম্পাদক ফাল্গুনী দাস তন্বী (৩২) ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ওরফে সাজেদুর রহমান সোহানকে (২৮) দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
আজ বুধবার তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা।
শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তাদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ২২ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তন্বীকে গ্রেপ্তার করে পুলিশ। অন্যদিকে, ২৪ অক্টোবর মিরপুর থেকে সোহানকে গ্রেপ্তার করা হয়। এরপর তাদের কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহার থেকে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে গুলশান-১ এর ৩ নম্বর রোডের কেএফসি রেস্তোরাঁর সামনের পাকা রাস্তায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের নেতাকর্মীসহ ৮০ থেকে ১০০ জন অজ্ঞাতনামা আসামি সমবেত হয়। আসামিরা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং এলাকায় নাশকতামূলক ও ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং মিছিল করে আতঙ্ক সৃষ্টি করে।
এ ঘটনায় গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহবুব হোসাইন বাদি হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন।
বাংলা৭১নিউজ/আরএইচ






















