২০১৬ সালে গাজীপুরের জয়দেবপুরে কথিত ‘জঙ্গি নাটক’ সাজিয়ে সাতজনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের ওপর শুনানির দিন আগামী ১৭ নভেম্বর নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বুধবার (২৮ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ অভিযোগ গঠনের শুনানির জন্য এ আদেশ দেন।
মামলার নথি অনুযায়ী, ২০১৬ সালে গাজীপুরের জয়দেবপুরে একটি কথিত জঙ্গি অভিযানের নামে সাতজনকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়। নিহত সাতজনের মধ্যে একজন ছিলেন রাজধানীর যাত্রাবাড়ীর একটি মাদরাসার শিক্ষার্থী ইবরাহীম।
দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর ইবরাহীমের বাবা ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় ছেলেকে গুমের পর বিচারবহির্ভূতভাবে হত্যার অভিযোগে মামলা দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই বর্তমানে ট্রাইব্যুনালে বিচারপ্রক্রিয়া চলছে।
আসামিরা হলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারী,সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, সাবেক অতিরিক্ত আইজি মনিরুল ইসলাম, সাবেক এসপি আসাদুজ্জামান, তৎকালীন গাজীপুরের এসপি হারুন অর রশীদ, আরিফুর রহমান মন্ডল ও এস এম জাহাঙ্গীর হাছান।
বর্তমানে এ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন শহীদুল হক ও আছাদুজ্জামান মিয়া।
বাংলা৭১নিউজ/আরএইচ























