গত জুনে বাংলাদেশ দলের পেস বোলিং কোচের দায়িত্ব ছাড়েন শন টেইট। এরপর জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়া সিরিজে ভারপ্রাপ্ত কোচ হিসেবে কাজ করেন সাবেক বাংলাদেশি ক্রিকেটার তালহা জুবায়ের। টেইটের স্থায়ী বিকল্প না পাওয়া পর্যন্ত তালহার সঙ্গে চুক্তি বাড়ানোর সম্ভাবনাও রয়েছে।
এরই মধ্যে পেস বোলিং কোচের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এসেছে ডোনাল্ডের নাম। একটি সূত্র জানিয়েছে, বিসিবি আগ্রহ দেখালে ডোনাল্ড আবারও বাংলাদেশে ফিরতে রাজি আছেন।
বাংলাদেশের পেস বোলিংয়ে নতুন করে অভিজ্ঞতার ছোঁয়া দিতে আগ্রহী অ্যালান ডোনাল্ড। সুযোগ পেলে আবারও টাইগারদের পেস বোলিং কোচের দায়িত্ব নিতে প্রস্তুত দক্ষিণ আফ্রিকার সাবেক এই পেসার।
তবে এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে তার সঙ্গে কোনো আনুষ্ঠানিক যোগাযোগ করা হয়নি। অর্থাৎ তার ফেরার ক্ষেত্রে আপাতত অপেক্ষাটা বিসিবির দিক থেকেই।
২০২২ সালের মার্চে পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর অল্প সময়েই দলের পেসারদের সঙ্গে শক্ত সম্পর্ক গড়ে ওঠে তার। তাসকিন আহমেদ, শরিফুল ইসলামসহ বাংলাদেশের পেস আক্রমণের উন্নতিতে তার ভূমিকার কথাও একাধিকবার আলোচনায় এসেছে।
২০২৩ সালে দায়িত্ব ছাড়ার পরও বাংলাদেশের পেসারদের সঙ্গে যোগাযোগ ধরে রেখেছিলেন ডোনাল্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক টেস্ট সাফল্যের পরও খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এবার সেই সম্পর্কই নতুন করে বাংলাদেশ দলের ড্রেসিংরুমে ফেরার পথ তৈরি করতে পারে কি না, সেটিই দেখার।
বাংলা৭১নিউজ/জেএস



























