২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে গিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে প্রথম টেস্ট জিতে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে সফরকারীরা।
২২ আগস্ট ম্যাকাইয়ে শুরু সিরিজ নির্ধারণী টেস্ট। তবে সেখানে পৌঁছাতে বাজে এক অভিজ্ঞতাই হয়েছে বাংলাদেশ দলের। এই যাত্রায় শান্ত-মুশফিক-মিরাজ-হাসানদের বেশ ভোগান্তি পোহাতে হয়েছে। ফ্লাইট বিলম্বের কারণে ৬ ঘণ্টার পথ পাড়ি দিতে লেগেছে সাড়ে ১৪ ঘণ্টা।
একটি জাতীয় দৈনিককে এ কথা জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। তবে ক্লান্তিকর এই ভ্রমণ নিয়ে কোনো অভিযোগ করেননি তিনি।
ডারউইন অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরিতে অবস্থিত, ম্যাকাইয়ের অবস্থান কুইন্সল্যান্ড রাজ্যে। আকাশপথে দুই শহরের দূরত্ব প্রায় ২২০০ কিলোমিটার।
আজ ডারউইনের সময় ভোর সাড়ে ৫টায় টিম হোটেল থেকে বিমানবন্দরের উদ্দেশে বের হয় বাংলাদেশ দল। সকাল ৭টায় চড়ে ম্যাকাইগামী বিমানে।
বিমান যখন ম্যাকাইতে অবতরণ করে, ঘড়ির কাটায় তখন প্রায় সন্ধ্যা ৭টা বাজে। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষ করে হোটেলে যেতে লেগেছে আরো ১ ঘণ্টা। সব মিলিয়ে ক্লান্তিকর একটা দিনই পার করেছে বাংলাদেশ দল।
তবে দীর্ঘ ভ্রমণের পরও সব ক্রিকেটার ভালো আছেন বলে জানিয়েছেন সুমন, ‘আমরা ম্যাকাইয়ে পৌঁছেছি। ভ্রমণটা অনেক দীর্ঘ ছিল। (ভোর) সাড়ে ৫টার সময় হোটেল থেকে বের হয়েছি। ৭টায় ফ্লাইট ছিল। ম্যাকাইয়ের হোটেলে পৌঁছাতে রাত ৮টা বেজেছে। লম্বা ভ্রমণ। কিন্তু সবাই ভালো আছি। কোনো অভিযোগ নেই। আলহামদুলিল্লাহ।’
বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় টেস্ট অভিষেক হবে। এরই মধ্যে প্রথম দুই দিনের সব টিকিট বিক্রি হয়ে গেছে। এর আগে এই ভেন্যুতে তিনটি ওয়ানডে হয়েছে।
ম্যাকাই টেস্টে হার এড়াতে পারলেই প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের কীর্তি গড়বে বাংলাদেশ।
বাংলা৭১নিউজ/আরএইচ





























