বাংলাদেশের নতুন সরকারের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার, আঞ্চলিক কৌশলগত অবস্থান এবং ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের সমীকরণ বুঝতে আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে তিন দিনের সরকারি সফরে ঢাকা পৌঁছাচ্ছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর।
সফরসূচি অনুযায়ী, আজ সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন মার্কিন এই নীতিনির্ধারক। সফরের দ্বিতীয় দিনে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, পেশাজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথেও তাঁর ধারাবাহিক মতবিনিময়ের কথা রয়েছে।
যেসব বিষয় গুরুত্ব পাবে
সার্জিও গোরের এই ঢাকা সফরকে ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সফরকালে মূল আলোচনার টেবিলে যেসব বিষয় গুরুত্ব পেতে পারে:
চীন-বাংলাদেশ সম্পর্কের গভীরতা যাচাই: এ অঞ্চলের বর্তমান ভূ-রাজনীতির প্রেক্ষাপটে চীনের সাথে বাংলাদেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্কের পরিধি কতটুকু, তা গভীরভাবে পর্যবেক্ষণ করবেন মার্কিন বিশেষ দূত।
দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি বাস্তবায়ন: পূর্বে ওয়াশিংটনের সাথে সই হওয়া বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত চুক্তিগুলো বাস্তবায়নে নতুন সরকারের দৃষ্টিভঙ্গি ও সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখবে মার্কিন প্রতিনিধি দল।
ভবিষ্যৎ কূটনীতি ও আঞ্চলিক কৌশল: বাংলাদেশের পররাষ্ট্রনীতির নতুন দিকনির্দেশনা, ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে কেন্দ্র করে নিরাপত্তা ও কৌশলগত অবস্থান এবং ঢাকা-ওয়াশিংটন দ্বিপক্ষীয় সম্পর্কের দীর্ঘমেয়াদি রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন
সফরের শেষ দিনে সার্জিও গোর কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে তিনি রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সার্বিক মানবিক পরিস্থিতি ও সহায়তা কার্যক্রম প্রত্যক্ষ করবেন।
বাংলা৭১নিউজ/এসবি























