সর্বশেষ ২০১০ সালে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ইংল্যান্ড সফর করেছিল বাংলাদেশ। এরপর এক যুগ পেরিয়ে গেলেও সেখানে আতিথেয়তা পায়নি টাইগাররা। তবে এবার সেই অপেক্ষা শেষ হচ্ছে। আগামী বছর ইংল্যান্ড সফর করবে বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) ২০২৭ সালের আন্তর্জাতিক সূচি প্রকাশ করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সূচি অনুযায়ী, বাংলাদেশ দল ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলবে। লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ২০২৭ সালের ২৮ মে থেকে ১ জুন অনুষ্ঠিত হবে একমাত্র এই টেস্ট।
পাশাপাশি একই সময়ে বাংলাদেশ নারী দলও ইংল্যান্ড সফর করবে। নারী দল ইংল্যান্ড সফরে খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
সূচি ঘোষণার পর ইসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড গুল্ড বলেন, ‘বাংলাদেশ পুরুষ দলকে লর্ডসে একটি টেস্ট ম্যাচের জন্য এবং বাংলাদেশ নারী দলকে সাদা বলের সিরিজে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। ২০১০ সালের পর এই প্রথম নিজেদের মাটিতে টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে ইংল্যান্ড।’
ইংল্যান্ড – বাংলাদেশ
২৮ মে–১ জুন : একমাত্র টেস্ট, লর্ডস, লন্ডন
ইংল্যান্ড নারী দল – বাংলাদেশ নারী দল
টি-টোয়েন্টি সিরিজ-
৮ সেপ্টেম্বর: প্রথম টি-টোয়েন্টি, নর্থ্যাম্পটন
১০ সেপ্টেম্বর: দ্বিতীয় টি-টোয়েন্টি, টনটন
১২ সেপ্টেম্বর: তৃতীয় টি-টোয়েন্টি, উরচেস্টার
ওয়ানডে সিরিজ-
১৭ সেপ্টেম্বর: প্রথম ওয়ানডে, হোভ
২১ সেপ্টেম্বর: দ্বিতীয় ওয়ানডে, ক্যান্টারবুরি
২৪ সেপ্টেম্বর: তৃতীয় ওয়ানডে, চেমসফোর্ড
বাংলা৭১নিউজ/এসএএইচ




























