এবারের ফুটবল বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে শক্তিশালী স্পেন। আর এর পরপরই বিশ্বজুড়ে প্রেডিকশন মার্কেট বা জুয়ার বাজারে তুমুল শোরগোল শুরু হয়েছে। এবার দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড, যার বিজয়ী দলই ফাইনালে স্পেনের মুখোমুখি হবে ও এই ম্যাচ ঘিরেই জুয়াড়িরা শত শত কোটি কোটি টাকার বাজি ধরছেন।
এবারের ২০২৬ বিশ্বকাপের চার সেমিফাইনালিস্টই ছিল ফিফা র্যাংকিংয়ের শীর্ষ চার দল ও প্রত্যেকেই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন। এই ঐতিহাসিক আসরের ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কে হবে, তা নিয়ে ভক্ত ও বিশ্লেষকদের মধ্যে তুমুল বিতর্ক চলছে।
১৯৬৬ সালের পর ইংল্যান্ড কি আবার ফাইনালের মঞ্চে ফিরবে, নাকি বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের শিরোপা ধরে রাখার লড়াই জারি রাখবে, তা নিয়ে আন্তর্জাতিক জুয়ার বাজারগুলোতে বিপুল পরিমাণ অর্থ খাটানো হচ্ছে। ফুটবলপ্রেমীরা একদিকে ইংল্যান্ডের আক্রমণভাগের তুখড় তরুণ প্রতিভাদের ওপর ভরসা রাখছেন, অন্যদিকে আর্জেন্টিনার অভিজ্ঞ ও বিশ্বমঞ্চে পরীক্ষিত শক্তির পক্ষে টাকা লাগাচ্ছেন।
আন্তর্জাতিক প্রেডিকশন প্ল্যাটফর্ম কলশি (Kalshi) ও পলিমার্কেট (Polymarket)-এ বিশ্বকাপ নিয়ে জুয়া খেলার পরিমাণ সেমি ফাইনালের আগেই ৫.৩ বিলিয়ন বা ৫৩০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। এর মধ্যে পলিমার্কেটে ৪.২ বিলিয়ন বা ৪২০ কোটি ও কলশিতে ১.১ বিলিয়ন বা ১১০ কোটি ডলারের লেনদেন হয়েছে।
এই বিশাল জুয়ার বাজারে টুর্নামেন্টের বিজয়ী, গোল্ডেন বুট, গোল্ডেন বলসহ বিভিন্ন ব্যক্তিগত পুরস্কার নিয়ে সাধারণ মানুষ বাজি ধরছেন। প্রথম সেমিফাইনাল ম্যাচের আগে জুয়ার বাজারে ফ্রান্স ও ইংল্যান্ডের ফাইনাল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি অর্থাৎ ৩৫ শতাংশ ছিল। কিন্তু ফ্রান্সকে বিদায় করে স্পেন ফাইনালে ওঠায় এখন সব হিসেব পুরোপুরি পাল্টে গেছে।
দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি নিয়ে জুয়ার বাজারে চরম উত্তেজনা চলছে। কলশির তথ্য অনুযায়ী, বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার চেয়ে ইংল্যান্ড কিছুটা এগিয়ে রয়েছে। ইংল্যান্ডের জেতার সম্ভাবনা ৫৪ শতাংশ, আর আর্জেন্টিনার সম্ভাবনা ৪৬ শতাংশ দেখানো হচ্ছে। এই একটি ম্যাচ ঘিরেই কেবল কলশিতে ২৮ লাখ ডলারের বাজি ধরা হয়েছে। পলিমার্কেটেও একই চিত্র দেখা গেছে, যেখানে ইংল্যান্ডের পক্ষে বেশি টাকা খাটানো হচ্ছে।
আশ্চর্যের বিষয় হলো, লিওনেল মেসির দল ও বর্তমান চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও আর্জেন্টিনাকে জুয়ার বাজারে চার দলের মধ্যে সবচেয়ে পিছিয়ে রাখা হয়েছিল। মাত্র ১৮ শতাংশ মানুষ আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার পক্ষে বাজি ধরেছেন।
টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার দৌড়ে কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসি ৮টি করে গোল করে সমান অবস্থানে আছেন। তবে বাজির বাজারে এমবাপ্পেই গোল্ডেন বুট ও গোল্ডেন বল জেতার ক্ষেত্রে সবচেয়ে বড় ফেভারিট।
অন্যদিকে, সেরা তরুণ ফুটবলারের দৌড়ে স্পেনের লামিন ইয়ামাল সবার চেয়ে এগিয়ে আছেন। গোল্ডেন গ্লাভস বা সেরা গোলরক্ষকের দৌড়ে ফ্রান্সের মাইক মেইগনান এবং স্পেনের উনাই সিমন লড়াই করছেন।
সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি
বাংলা৭১নিউজ/এসএএইচ




























