ব্রাজিলের সংবাদ সম্মেলন চলছে। সেই সম্মেলনে সাংবাদিকদের কাতারে বিশ্ব চ্যাম্পিয়ন ফুটবলার ডেনিলসন ডি অলিভিয়েরা। সম্মেলন শেষে তিনি ব্রাজিল ও নরওয়ে ম্যাচ নিয়ে বিশ্লেষণে ব্যস্ত হয়ে পড়লেন।
ব্রাজিল সর্বশেষ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ২০০২ সালে। ওই বিশ্বকাপে ব্রাজিলের অন্যতম সদস্য ডেনিলসন। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের ম্যাচ ছাড়া অন্য সকল ম্যাচই তিনি খেলেছেন। প্রতি ম্যাচেই বদলি হিসেবে মাঠে নামেন ডেনিলসন।
বিশ্ব চ্যাম্পিয়ন এই ফুটবলারকে বাংলাদেশি সাংবাদিক পরিচয় দিতেই বেশ উচ্ছ্বসিত, ‘ওহ বাংলাদেশ…।’ বাংলাদেশে ব্রাজিলের সমর্থক অনেক– এটাও জানেন বিশ্বকাপজয়ী ফুটবলার। ড্রিবলিংয়ের জন্য খুব আলোচিত ছিলেন ডেনিলসন। মাঠের ড্রিবলিংয়ের মতো ভাষাগত কারণ দেখিয়ে সাংবাদিককে পাশ কাটানোর চেষ্টা, ‘আমি পর্তুগিজই বলি, ইংরেজি তেমন না।’
ডেনিলসন ব্রাজিলের মিডিয়ার হয়ে কাজ করছেন। তার সঙ্গে থাকা ব্রাজিলের অন্য সাংবাদিক ইংরেজি মোটামুটি বোঝেন। তাকে দোভাষীর ভূমিকায় রেখে দুয়েকটি বিষয় জানার চেষ্টা চলল কিছুক্ষণ।
বাংলাদেশে ব্রাজিলের সমর্থন নিয়ে সাবেক তারকা ডেনিলসনের ধারণা, ‘ব্রাজিলের ফুটবলকে বাংলাদেশের সমর্থকরা অনেক পছন্দ করে। দীর্ঘদিন ধরেই বাংলাদেশে ব্রাজিলের সমর্থন। সাম্প্রতিক সময়ে মিডিয়া ও সামাজিক মাধ্যমের সুবাদে এটি অনেক বেশি সামনে আসছে।’
ব্রাজিলের হয়ে ১৯৯৮ সালে বিশ্বকাপেও খেলেছেন ডেনিলসন। সেবার ব্রাজিল রানার্সআপ হয়েছিল। পরের বার চ্যাম্পিয়ন হয়েই ফেরে। ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক ম্যাচে অনেক গোল থাকলেও বিশ্বকাপে কোনো গোল করতে পারেননি তিনি। এ নিয়ে খানিকটা অতৃপ্তি থাকলেও বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার মুহূর্ত বড় স্মৃতি ডেনিলসনের, ‘বিশ্বকাপ চ্যাম্পিয়নের মুহূর্ত আজীবনের স্মৃতি।’
১৯৯৪-২০০২ তিন আসরে ব্রাজিল টানা ফাইনাল খেলেছে। ২০০৬-২০২২ কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে আবদ্ধ। এবারের দলে খুব বড় ও বেশি তারকা নেই। এরপরও ভিনিদের উপর ভরসা রাখছেন ডেনিলসন, ‘প্রতি ম্যাচে ব্রাজিল উন্নতি করছে। আমি আশাবাদী।’
বাংলা৭১নিউজ/জেএস
বাংলা৭১নিউজ, ডেস্ক 
























