
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী ও যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, যশোর পৌরসভাকে জলাবদ্ধতামুক্ত করার কাজ চলমান রয়েছে। তিনি পৌরসবাসীকে আশ্বস্ত করে বলেন, আগের তুলনায় এবারের বর্ষা মৌসুমে পৌরবাসীর ৫০ ভাগ কষ্ট লাঘব হবে।
শুক্রবার সকালে যশোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভোলাট্যাংক সড়ক হতে এমএম আলী সড়ক (গুরুদাস বাবু লেন) পর্যন্ত আরসিসি দ্বারা উন্নয়ন কাজের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, যশোর পৌরসভা অনেক পুরাতন একটি পৌরসভা হলেও এর সড়কগুলোর অবস্থা খুবই নাজুক। এসব সড়কগুলো পর্যায়ক্রমে দ্রুততম সময়ের মধ্যে সংস্কার করে চলাচল উপযোগী করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।
যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বিএম কামাল আহমেদ জানান, ৩৫৫ মিটার দৈর্ঘ্য ও ৬ মিটার প্রস্থের গুরুদাস বাবু লেন আরসিসি দ্বারা উন্নয়ন করতে ৭০ লাখ টাকা ব্যয় হচ্ছে। আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে এই কাজ শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/এসএম