রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সোমবার যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুষ্ঠু হচ্ছে এসএসসি, ডিসেম্বরেই সব পরীক্ষা শেষ করার পরিকল্পনা সরকারের না ফেরার দেশে সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় গুলির শব্দ, সরিয়ে নেয়া হলো ট্রাম্পকে আগাম বন্যার আশংকা, ঝড়-বৃষ্টির কবলে পড়ছে দেশ খাল খনন কার্যক্রমে কোনো অনিয়ম মেনে নেওয়া হবে না: শামা ওবায়েদ পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক উদ্ভাবকদের যথাযথ স্বীকৃতি নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী টাকা ছাপানোর খবর নাকচ করলেন অর্থমন্ত্রী কার্ড দিতে গিয়ে বিএনপির তেল ফুরিয়ে গেছে : নাহিদ ইসলাম

সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় গুলির শব্দ, সরিয়ে নেয়া হলো ট্রাম্পকে

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি হোটেলে বিভিন্ন সংবাদমাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের সঙ্গে নৈশভোজে অংশ নিয়েছিলেন ট্রাম্প। স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় নৈশভোজ অনুষ্ঠান চলাকালে হঠাৎ গুলির শব্দ শোনা যায়।

এর পরপরই জরুরিভিত্তিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে সরিয়ে নেওয়া হয়। ভেন্যুর আশপাশে হঠাৎ বিকট শব্দ শোনার পর অতিথিদের টেবিলের নিচে আশ্রয় নিতেও দেখা যায়। আর এই ঘটনায় পুরো অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়ে, বিকট শব্দের পরপরই নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা নৈশভোজের স্থানে অবস্থান নেন। এ সময় উপস্থিত অতিথিদের টেবিলের নিচে আশ্রয় নিতে দেখা যায়। পরে জরুরিভিত্তিতে প্রেসিডেন্ট ও ফার্স্টলেডিকে নৈশভোজের স্থান থেকে নিরাপদে সরিয়ে নেন সিক্রেট সার্ভিসের সদস্যরা। সরিয়ে নেওয়া হয় অতিথিদেরও।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সিক্রেট সার্ভিসের সদস্যরা ট্রাম্প ও মেলানিয়াকে দ্রুত নৈশভোজের স্থান থেকে সরিয়ে নেন। এর আগে দুইজন মঞ্চের পেছনে অবস্থান নিয়েছিলেন। সেখানে থাকা দুই হাজার ৬০০ অতিথির অনেকেও নিরাপদ আশ্রয়ে চলে যান।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ওয়াশিংটন ডিসির একটি হোটেলে অনুষ্ঠিত হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজ অনুষ্ঠান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। তার নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা তাকে দ্রুত নিরাপদ স্থানে নিয়ে যান।

খবরে বলা হয়, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ওয়াশিংটন হিলটন হোটেলের ভোজকক্ষে এই ঘটনা ঘটে। মূলত সেখানেই হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানটি চলছিল। একপর্যায়ে ভেতরে হঠাৎ বিকট শব্দ শোনা গেলে উপস্থিতদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, শব্দ শোনার পর ট্রাম্পসহ অনেকেই আতঙ্কে টেবিলের আড়ালে আশ্রয় নিচ্ছেন। এ সময় উপস্থিতদের কেউ কেউ ‘নিচে থাকুন’ বলে চিৎকার করছিলেন। এরপর যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস ট্রাম্পকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেয়। কিছুক্ষণের মধ্যেই ভারী অস্ত্রে সজ্জিত নিরাপত্তা সদস্যরা ভোজকক্ষের চারপাশ ঘিরে ফেলে।

হোয়াইট হাউস সংবাদদাতা সমিতির সভাপতি ওয়েইজিয়া জিয়াং জানান, অনুষ্ঠানটি পরে আবার শুরু হবে এবং শিগগিরই বিস্তারিত জানানো হবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, এই ঘটনায় অনুষ্ঠানস্থলের ভেতরে ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়। কাছাকাছি কোথাও গুলির মতো শব্দ শোনা যাওয়ার পর ভোজকক্ষে উপস্থিত অতিথিরা হঠাৎ টেবিলের নিচে আশ্রয় নেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্রুত সিক্রেট সার্ভিস সদস্যরা কক্ষ থেকে বের করে নিয়ে যান। পরে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথসহ প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদেরও নিরাপত্তার কারণে সরিয়ে নেয়া হয়।

কয়েক মুহূর্তের বিশৃঙ্খলার পর অতিথিরা টেবিলের নিচ থেকে বের হয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন। সাম্প্রতিক সময়ে এই নৈশভোজ অনুষ্ঠানে এমন নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা আর ঘটেনি বলে উল্লেখ করা হয়। একই সঙ্গে এটি ছিল প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথমবার এই অনুষ্ঠানে অংশ নেয়া।

এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প— উভয়কেই অনুষ্ঠানস্থল থেকে সিক্রেট সার্ভিস সরিয়ে নেয় বলে সিবিএস জানিয়েছে। তাদের সরিয়ে নেয়ার পর কাউন্টার অ্যাসল্ট টিম (সিএটি)-এর সশস্ত্র সদস্যদের মঞ্চে অবস্থান নিতে দেখা যায়। তারা লম্বা অস্ত্র তাক করে কক্ষের পেছনের দিকে নজর রাখছিলেন।

এর কিছুক্ষণ পর নিরাপত্তা সদস্যরা আরেকজন অতিথিকে দ্রুত সামনের দিকে সরিয়ে নেন। এ সময় অনেকে মেঝেতে শুয়ে ছিলেন এবং নিরাপত্তা সদস্যরা টেবিল-চেয়ার ডিঙিয়ে ওই ব্যক্তিকে বের করে আনেন।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com