মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১১:২০ অপরাহ্ন

কৃষককে আত্মনির্ভর ও স্বচ্ছল করে তোলা সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

টাঙ্গাইল, প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

কৃষকদের আত্মনির্ভর ও স্বচ্ছল করে তোলা সরকারের লক্ষ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, কৃষক স্বচ্ছল থাকলেই দেশ স্বচ্ছল থাকবে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে কৃষিখাতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন সরকারপ্রধান।

কৃষককে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা বিএনপির লক্ষ্য জানিয়ে তারেক রহমান বলেন, ‘দেশের ৪০ শতাংশ মানুষ কৃষির সঙ্গে জড়িত। বাকিরা কোনো না কোনোভাবে কৃষির সঙ্গে সম্পর্কিত। প্রধান পেশা কৃষি। বিএনপি সরকার বিশ্বাস করে, কৃষক ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। তাই বিএনপি সরকারের অঙ্গীকার ১০টি সুবিধা সংবলিত কৃষি কার্ড পৌঁছে দেওয়া হচ্ছে।

‘সারাদেশে খাল খনন কর্মসূচির মাধ্যমে ২০ হাজার কিলোমিটার খাল খনন করার প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে কৃষক ও কৃষির সুবিধার্থে। ভূগর্ভস্থ পানির দিকে নজর দিতে হবে। কারণে এটি কমতে শুরু করেছে। তাই যেনো সেটাকে বাঁচানো যায়, এর উদ্যোগ নেবে সরকার।’

প্রধানমন্ত্রী জানান, আগামী পাঁচ বছরে দেশের ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে কৃষক কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে কৃষকদের সরকারি সুবিধা আরো সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সরকারপ্রধান জানান, কৃষকদের উৎপাদিত ফসল সংরক্ষণে সারাদেশে কোল্ড স্টোরেজ স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। বলেন, কৃষিনির্ভর এলাকায় কৃষির সঙ্গে সম্পর্কিত কলকারখানা গড়ার উদ্যোগ নেওয়া হবে, যাতে কৃষকরা আরো দাম পেতে পারেন। কৃষিপণ্যের ব্যবসায়ীদের সঙ্গে গতকাল বসেছি। বিভিন্ন দেশ এবং দেশীয় ব্যবসায়ীরা কোল্ডস্টরেজ তৈরিতে আগ্রহী। এ বিষয়ে সরকার উদ্যোগী। বিএনপি যতবার দেশ পরিচালনা করেছে, চেষ্টা করেছে কৃষকদের পাশে দাঁড়ানোর। আপনাদের এই আস্থার মূল্য দেবে বিএনপি সরকার।

পহেলা বৈশাখ কৃষক-কৃষাণীদের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় এই দিনে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে বলে জানান তারেক রহমান।

দেশকে নিরাপদ ও বাসযোগ্য করার লক্ষ্যে অর্জনে সরকার জনগণকে সঙ্গে নিয়ে সামনে অগ্রসর হতে চায় বলেও অনুষ্ঠানে জানান প্রধানমন্ত্রী।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com