রাজধানীর যাত্রাবাড়ী থানায় বিস্ফোরকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রোববার (২৯ নভেম্বর) বিকালে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাবিব উল্লাহ পিয়াসের আদালত আসামির জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেন।
এ মামলায় তিন দিনের রিমান্ড শেষে আসামি ডরিনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের ওয়ারী জোনাল টিমের উপপরিদর্শক মো. শাহাদাত হোসেন নাফিজ।
এদিকে, আসামিপক্ষের আইনজীবীরা তার জামিন চেয়ে শুনানি করে, রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর রাতে যাত্রাবাড়ী থানার একটি টহল দল যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় দায়িত্ব পালনকালে খবর পায়, যাত্রাবাড়ী-ডেমরা সড়কের কাজলা টোল প্লাজার সামনে পাকা রাস্তার ওপর অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা নৈরাজ্য ও ত্রাস সৃষ্টি এবং জনসাধারণের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটানোর উদ্দেশ্যে ককটেল বোমা বিস্ফোরণ ঘটিয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং ঘটনার সত্যতা পায়। পরে ঘটনাস্থল থেকে লাল টেপ জড়ানো কৌটার মুখের পোড়া অংশ বিশেষ, কৌটার অংশবিশেষ একটি ছোট টিনের টুকরা, ১২টি তারকাঁটা এবং একটি ছোট কাঁচের টুকরা জব্দ করা হয়। এ ঘটনায় পরদিন ১০ নভেম্বর যাত্রাবাড়ী থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়।
এর আগে, গত ২৬ নভেম্বর ভোররাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়া এলাকা থেকে ডরিনকে গ্রেপ্তার করে ডিবি। ওইদিন তাকে ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদনের ওপর শুনানি নিয়ে আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বাংলা৭১নিউজ/আরএইচ


























