পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা পরিষদ সংলগ্ন বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে বাসটির পেছনের অংশ ও কয়েকটি সিট পুড়ে গেছে।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মঠবাড়িয়া-পিরোজপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা ‘আরাফাত পরিবহন’ নামে (খুলনা-ব-১১৫) নম্বরের একটি বাসের পেছনের অংশের সিটে আগুন দেখতে পান স্ট্যান্ডে থাকা অন্য বাসের হেলপাররা। পরে তারা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাসটির পেছনের অংশ ও কয়েকটি সিট পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউর রাব্বি, থানা পুলিশের সদস্যরা এবং উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।
মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল আহমেদ বলেন, রাত ১২টার দিকে বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন লাগার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউর রাব্বি জানান, বাসে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কে বা কারা আগুন লাগিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তার ধারণা, নাশকতার উদ্দেশ্যে এ ঘটনা ঘটতে পারে।
বাংলা৭১নিউজ/আরএইচ






















