নেত্রকোণায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসন থেকে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে নির্বাচন করা ফাহিম রহমান খান পাঠানের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর ৪টার দিকে দুর্বৃত্তরা তার বাড়ির বারান্দায় আগুন দেয় বলে তিনি অভিযোগ করেছেন।
ফাহিম রহমান খান পাঠান এনসিপির কেন্দ্রীয় পেশাজীবীবিষয়ক সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ঘটনার বিবরণ দিয়ে ফাহিম রহমান খান পাঠান জানান, বেশ কিছুদিন ধরেই ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের মন্তব্যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাকে হুমকি-ধমকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪টার দিকে তার বাড়ির বারান্দায় আগুন লাগিয়ে দেওয়া হয়। আগুনের ধোঁয়া ঘরের ভেতরে প্রবেশ করলে পরিবারের সদস্যরা বিষয়টি টের পান। তাৎক্ষণিকভাবে তারা ঘুম থেকে উঠে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
ঘটনার পরপরই নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমার বাসায় আগুন লাগিয়েছে। বাসায় থাকা লোকজন আগুন নেভানোর চেষ্টা করছে।’
এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে তিনি রাষ্ট্রের কাছে নিজেদের নিরাপত্তা দাবি করেছেন।
এ বিষয়ে নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটিকে অগ্নিসংযোগের ঘটনা বলেই ধারণা করা হচ্ছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে এবং দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
বাংলা৭১নিউজ/আরএইচ

























