বিজয়ের মাস ডিসেম্বরকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় জয়পুরহাট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে নিরাপত্তা জোরদারে থার্মাল ইমেজার ও নাইট ভিশন সুবিধাসম্পন্ন ড্রোন ব্যবহার করা হচ্ছে।
পাশাপাশি স্পর্শকাতর এলাকায় স্থাপন করা হয়েছে নাইট ভিশন ডিভাইস, সার্চলাইট ও ফ্লাডলাইট। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে রিজার্ভ প্লাটুন।
বুধবার (২৫ নভেম্বর) জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী ও নওগাঁর পত্নীতলা ১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এহসান হাবিব ঢাকা পোস্টকে এসব তথ্য জানিয়েছেন।
বিজিবি জানিয়েছে, ডিসেম্বর মাসকে কেন্দ্র করে জয়পুরহাটে নাশকতার গুজব ছড়ালেও এখন পর্যন্ত এ ধরনের কোনো ঘটনার প্রতিফলন ঘটেনি। বিজয়ের মাসে সীমান্তে নিরাপত্তা জোরদারে থার্মাল ইমেজার ও নাইট ভিশন সুবিধাসম্পন্ন ড্রোন সক্রিয় করা হয়েছে। পাশাপাশি স্পর্শকাতর এলাকায় নাইট ভিশন ডিভাইস, সার্চলাইট ও ফ্লাডলাইট স্থাপন করা হয়েছে।
বিজিবি আরও জানিয়েছে, যে কোনো অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় আধুনিক সরঞ্জাম ও দাঙ্গা নিয়ন্ত্রণের সরঞ্জামসহ রিজার্ভ প্লাটুন প্রস্তুত রাখা হয়েছে। নাশকতামূলক কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী বলেন, ডিসেম্বর মাসকে কেন্দ্র করে কিছু সংখ্যক অস্থিতিশীলতাকারী জেলার বিভিন্ন এলাকায় নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির বিষয়ে কিছু গুজব ছড়িয়েছে। তবে এখন পর্যন্ত জয়পুরহাটে এ ধরনের কোনো দুর্ঘটনা বা নাশকতার ঘটনা ঘটেনি।
তিনি বলেন, আমাদের সক্ষমতার অংশ হিসেবে থার্মাল ইমেজার বৈশিষ্ট্যসম্পন্ন এবং নাইট ভিশন সুবিধাসহ ড্রোন ব্যবস্থা সক্রিয় রয়েছে। এর মাধ্যমে সীমান্তে নজরদারি অনেক বেশি মাত্রায় বৃদ্ধি করা হয়েছে।
নওগাঁর পত্নীতলা ১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এহসান হাবিব বলেন, বিজয়ের মাস ডিসেম্বরকে সামনে রেখে সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী এলাকায় ফোর্স ও টহল বাড়ানোর পাশাপাশি আধুনিক প্রযুক্তির সহায়তায় সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। যে কোনো ধরনের নাশকতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সতর্ক ও প্রস্তুত রয়েছে।
বাংলা৭১নিউজ/আরএইচ





















