চট্টগ্রামের ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার দুই দিনব্যাপী ৮৭তম মহাসম্মেলন শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর)। ২৬ ও ২৭ নভেম্বর মাদ্রাসা প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন ঘিরে শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, আলেম-উলামা ও ধর্মপ্রাণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।
১৯৩৮ সালে প্রতিষ্ঠিত পটিয়া মাদ্রাসা প্রায় ৮৮ বছর ধরে ইসলামী শিক্ষা, গবেষণা ও দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে আসছে। একটি মসজিদে কয়েকজন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি বর্তমানে দেশের অন্যতম পরিচিত কওমি শিক্ষাকেন্দ্রে পরিণত হয়েছে।
প্রতিষ্ঠানটিতে বর্তমানে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছেন। দাওরায়ে হাদিসের পাশাপাশি তাফসির, হাদিস, ফিকহ, ইফতা, আরবি ভাষা ও সাহিত্য, ইসলামী গবেষণা, তাজবীদ, কিরাত ও হিফজসহ বিভিন্ন বিষয়ে পাঠদান করা হয়। দেশ-বিদেশে ছড়িয়ে রয়েছেন এ প্রতিষ্ঠানের অসংখ্য প্রাক্তন শিক্ষার্থী।
পটিয়া মাদ্রাসা থেকে পড়াশোনা শেষ করে ইসলামী শিক্ষা, গবেষণা, সাহিত্য ও দাওয়াতি কর্মকাণ্ডে অবদান রেখেছেন অনেক আলেম ও চিন্তাবিদ। তাদের মধ্যে রয়েছেন প্রতিষ্ঠানের সাবেক মহাপরিচালক হারুন ইসলামাবাদী (রহ.), সাবেক ধর্মবিষয়ক উপদেষ্টা আল্লামা এ এফ এম খালিদ হোসাইন, মাওলানা আব্দুল মালেক হালিম, আবু তাহের মিসবাহ ও মাওলানা নূরুল আমীন।
মাদ্রাসার দাওরায়ে হাদিস বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আমজাদ বলেন, দক্ষিণ এশিয়ার অন্যতম শীর্ষ আরবি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী হিসেবে তারা গর্বিত। এ প্রতিষ্ঠান থেকে পড়াশোনা শেষ করে অনেকে উচ্চশিক্ষা গ্রহণ করছেন এবং বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছেন।
জামিয়ার জামায়াতে চাহারুমের শিক্ষার্থী জায়েদুল হক হেলালী বলেন, পটিয়া মাদ্রাসা শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি মানুষ গড়ার কারিগর। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশ-বিদেশে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
প্রতিষ্ঠানের প্রধান পরিচালক একরামুল হক ওদুদী বলেন, পটিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে ইসলামের খেদমত করছেন। প্রতিষ্ঠার পর এক বছর বিরতি দিয়ে আবারও মহাসম্মেলন আয়োজন করা হচ্ছে। ২৬ ও ২৭ নভেম্বর দুই দিনব্যাপী এ সম্মেলনে সবাইকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে।
প্রায় ৮৮ বছরের ঐতিহ্য ধারণ করে আয়োজিত এবারের মহাসম্মেলনে দেশ-বিদেশের আলেম-উলামা, প্রাক্তন শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে মাদ্রাসা প্রাঙ্গণ মুখর হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকেরা।
বাংলা৭১নিউজ/আরএইচ





















