ভারতের উত্তর-পূর্বাঞ্চলের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করতে বাড়তি সেনা ও আধা সামরিক বাহিনী মোতায়েনের উদ্যোগ নিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। মণিপুরে নতুন করে আধা সামরিক বাহিনীর সদস্য বাড়ানো হচ্ছে। একই সঙ্গে চীনের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) বরাবরও সেনা উপস্থিতি বাড়ানোর প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ ক্ষেত্রে অরুণাচল প্রদেশকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
চীনের সঙ্গে ভারতের সীমান্তের দৈর্ঘ্য প্রায় সাড়ে ৩ হাজার কিলোমিটার। এর মধ্যে অরুণাচল প্রদেশের সঙ্গে চীনের সীমান্ত ১ হাজার ১২৬ কিলোমিটার। সীমান্তের দৈর্ঘ্যের দিক থেকে এটি ভারতের তৃতীয় বৃহত্তম সীমান্ত এলাকা। সবচেয়ে দীর্ঘ সীমান্ত রয়েছে লাদাখে, যার দৈর্ঘ্য প্রায় ১ হাজার ৬০০ কিলোমিটার।
সম্প্রতি এক সম্মেলনে এস জয়শঙ্কর বলেন, চীনের সঙ্গে ভারতের সীমান্ত আগের তুলনায় অনেক বেশি সক্রিয় হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে সীমান্তে বিপুলসংখ্যক সেনা মোতায়েন করা জরুরি।
২০২০ সালে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাদের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষের পর থেকে সীমান্তে সামরিক সক্ষমতা বাড়িয়েছে নয়াদিল্লি। তবে সীমান্তে চীনা সেনাদের তৎপরতা নিয়ে ভারতের উদ্বেগ এখনো কাটেনি। দেশটির নিরাপত্তা কর্মকর্তারা অভিযোগ করছেন, চীনা সেনারা ভারতীয় ভূখণ্ডের দিকে অগ্রসর হচ্ছে।
সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ব্যর্থতার জন্য চীনকে দায়ী করেছে। মন্ত্রণালয়ের বক্তব্য, চীনা সেনারা নির্ধারিত টহলপথ ও নিয়ম অমান্য করে অন্য পথে অগ্রসর হলে সীমান্তে মাঝেমধ্যেই উত্তেজনা তৈরি হয়।
এর আগে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) মহাপরিচালক শত্রুজিৎ সিং কাপুর অরুণাচল প্রদেশে চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) সঙ্গে সংঘাতের সময় বাহিনীর নবগঠিত ‘শৌর্য’ কমান্ডো ইউনিটের ভূমিকার কথা তুলে ধরেন। তিনি জানান, এসব ঘটনায় ইউনিটটি নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে। তার বক্তব্যের পরই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতি সামনে আসে।
সীমান্ত নিরাপত্তার পাশাপাশি অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতিও নতুন করে বাহিনী পুনর্বিন্যাসের কারণ হয়ে উঠেছে। চলতি বছরের মার্চে ভারতে সশস্ত্র মাওবাদী তৎপরতার অবসান ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। এরপর মাওবাদী অধ্যুষিত এলাকা থেকে আধা সামরিক বাহিনী সরিয়ে উত্তর-পূর্বাঞ্চলে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।
এর অংশ হিসেবে ছত্তিশগড়ের বস্তার অঞ্চলের সুকমা জেলা থেকে এক হাজারের বেশি সদস্যের সিআরপিএফের একটি পূর্ণাঙ্গ ব্যাটালিয়ন প্রত্যাহার করে মণিপুরে পাঠানো হয়েছে। মাওবাদী দমনে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই বাহিনী সম্প্রতি ওই এলাকায় ভূমিমাইন ও ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার কাজে নিয়োজিত ছিল।
এর কয়েক মাস আগে ঘন জঙ্গলে যুদ্ধের জন্য বিশেষভাবে প্রশিক্ষিত সিআরপিএফের কোবরা বাহিনীর দুটি ব্যাটালিয়নও মণিপুরে পাঠানো হয়।
মণিপুরে কেন বাড়ানো হচ্ছে বাহিনীমণিপুর ও অরুণাচলে বাড়তি সেনা মোতায়েন করছে ভারত
মণিপুরে তিন বছরের বেশি সময় ধরে সংখ্যাগরিষ্ঠ মেইতেই এবং কুকি-জো জনগোষ্ঠীর মধ্যে জাতিগত সংঘাত চলছে। এর মধ্যে গত কয়েক মাসে কুকি ও নাগা জনগোষ্ঠীর মধ্যেও নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে। প্রায় প্রতি সপ্তাহেই এসব সংঘাতে প্রাণহানির ঘটনা ঘটছে।
রাজ্যটিতে বিপুলসংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এর মধ্যে সম্প্রতি ইম্ফল-উখরুল সড়কের ২০২ নম্বর জাতীয় মহাসড়কে সন্দেহভাজন সশস্ত্র ব্যক্তিদের অতর্কিত হামলায় চারজন বেসামরিক নাগরিক নিহত হন। এ ঘটনা নতুন করে উত্তেজনা বাড়িয়েছে।
এ পরিস্থিতিতে মণিপুরে অতিরিক্ত আধা সামরিক বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের মধ্যভাগ থেকে ধাপে ধাপে বাহিনী স্থানান্তরের কাজ চলছে। প্রথম পর্যায়ে মণিপুরে এবং পরে আসাম, অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডে অতিরিক্ত সদস্য মোতায়েনের পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে মণিপুরে মাইন প্রতিরোধী বিশেষ সাঁজোয়া যানও পাঠানো হয়েছে।
এদিকে উত্তর-পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর অর্থের জোগান বন্ধ করতে মাদক পাচারবিরোধী অভিযান জোরদারের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। এ জন্য নারকোটিকস কন্ট্রোল ব্যুরোকে (এনসিবি) ধারাবাহিক ও কঠোর অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সব মিলিয়ে সীমান্তে চীনের সঙ্গে বাড়তে থাকা উদ্বেগ এবং উত্তর-পূর্বাঞ্চলের অভ্যন্তরীণ সংঘাত—দুই দিক বিবেচনায় নিয়ে ওই অঞ্চলে নিরাপত্তাব্যবস্থা ঢেলে সাজাচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার।
বাংলা৭১নিউজ/আরএইচ


























