জর্ডানের দক্ষিণাঞ্চলে একটি গির্জায় প্রাণঘাতী বন্দুক হামলার ঘটনায় তিনজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ দিয়েছেন দেশটির একটি আদালত। গত মাসে ওই হামলায় নয়জন নিহত ও ২৫ জন আহত হন।
রবিবার জর্ডানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, গ্রিক অর্থোডক্স গির্জায় সন্ত্রাসী হামলার দায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন রাষ্ট্রীয় নিরাপত্তা আদালত।
গত ২৩ অক্টোবর জর্ডানের কারাক গভর্নরেটের হামুদ গ্রামে অবস্থিত গির্জাটিতে একটি অন্ত্যেষ্টিক্রিয়া চলাকালে বন্দুকধারীরা হামলা চালায়। এতে ঘটনাস্থলে নয়জন নিহত হন এবং আহত হন আরও ২৫ জন।
কর্তৃপক্ষ জানায়, হামলার পর তিন হামলাকারী পালিয়ে যান। তাদের মধ্যে দু’জন আপন ভাই এবং অন্যজন তাদের বৈবাহিক সূত্রে আত্মীয়। ঘটনার তিন দিন পর তাদের গ্রেফতার করা হয়।
আদালত তিনজনকে প্রাণহানির উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা চালানো, অস্ত্রসংক্রান্ত অপরাধ, সন্ত্রাসী কর্মকাণ্ডের ষড়যন্ত্র এবং একটি সন্ত্রাসী সংগঠনের আদর্শ প্রচারের অভিযোগে দোষী সাব্যস্ত করেন।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ জর্ডানে এ হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। দেশটির মোট জনসংখ্যার প্রায় ৩ শতাংশ খ্রিস্টান। সূত্র: আল-জাজিরা
বাংলা৭১নিউজ/এইচআর






















