ম্যাচের যোগ করা সময়ে মাঠের প্রায় হাফলাইনে এসে দলকে বিপদ থেকে মুক্ত করেন হেসুস ওনো। তবে বিপদমুক্ত করার সময় যে ঘটনার সাক্ষী হলেন তা হয়তো কোনো দিনও ভুলবেন না এফসি অ্যান্ডোরার গোলরক্ষক।
ম্যাচের শেষ মুহূর্তে তার সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন টেনেরিফের ফরোয়ার্ড হেসুস দে মিগুয়েল।
পরদিনই না ফেরার দেশে পাড়ি জমান মিগুয়েল। ৩০ বছর বয়সী ফরোয়ার্ডের এমন বিদায় কল্পনাও করার কথা নয় ওনোর। সেই ঘটনার জেরে এবার ১২ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন এফসি আন্দোরার গোলরক্ষক।
গত ২ নভেম্বর স্পেনের দ্বিতীয় বিভাগের ম্যাচে মুখোমুখি হয়েছিল এফসি আন্দোরা ও টেনেরিফ। ম্যাচের যোগ করা সময়ের শেষ দিকে সংঘর্ষে জড়ান দুই দলের দুই খেলোয়াড়। ঘটনাটির পর লাল কার্ড দেখেন ২৫ বছর বয়সী ওনো।
রেফারির প্রতিবেদনের ভিত্তিতে শাস্তির সিদ্ধান্ত নিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা কমিটি।
প্রতিবেদনে বলা হয়েছে, বল খেলার মধ্যে থাকা অবস্থায় অতিরিক্ত শক্তি প্রয়োগ করে প্রতিপক্ষের বুকে পা দিয়ে আঘাত করেছিলেন ওনো। কমিটি জানিয়েছে, ঘটনার ধরন ও পরিস্থিতি বিবেচনায় সর্বোচ্চ ১২ ম্যাচের নিষেধাজ্ঞাই উপযুক্ত শাস্তি।
ম্যাচটি পুনরায় আয়োজন করা হবে না বলেও সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশেন। সংঘর্ষের সময় ২-২ গোলে সমতা ছিল। ম্যাচের শেষ বাঁশি বাজার ৭ মিনিট আগে খেলা বন্ধ হয়ে যায়।
ঘটনার পর থেকে মানসিকভাবে বিপর্যস্ত ওনো। ক্লাবের বিবৃতিতে তিনি জানিয়েছেন, জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন। মিগুয়েলের মৃত্যুতে গভীর কষ্টের কথাও জানান তিনি। এখন পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন ইকুয়েটোরিয়াল গিনির এই গোলরক্ষক।
ফুটবলে ফিরবেন কি না, সে সিদ্ধান্তও এখনো নেননি মিগুয়েল। আন্দোরার কোচ কার্লেস মানসো জানিয়েছেন, ওনোকে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। ক্লাব তার পাশে থাকবে।
বাংলা৭১নিউজ/আরএইচ

























