সাফ ও রেফারিং নিয়ে সমালোচনা করে আগে থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে আবদুল্লাহ আল মুতাইরি। টুর্নামেন্ট নিয়ে বিস্ফোরক মন্তব্যে করায় তাই ডিসিপ্লিনারি কমিটির শোকজও পেয়েছেন শ্রীলঙ্কার কোচ।
নতুন করে তাই ঝামেলায় পড়তে চান না মুতাইরি। কিভাবে নিজেকে সংবাদমাধ্যম থেকে দূরে রাখবেন তা নিয়ে হয়তো স্ত্রীর সঙ্গে আলোচনা করেছিলেন তিনি। স্ত্রীর পরামর্শ মেনেই বাংলাদেশের সংবাদমাধ্যম থেকে দূরে থাকার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু নিজেকে দূরে রাখতে পারলেন না শ্রীলঙ্কার কুয়েতি কোচ।
স্থানীয় সাংবাদিকদের নাছোড়বান্দায় শেষ পর্যন্ত কথা বলতেই হলো মুতাইরিকে। স্ত্রী কী পরামর্শ দিয়েছিলেন সেটাই রসিকতার সুরে জানিয়েছেন তিনি। তার ভাষায়, ‘আমার স্ত্রী সাংবাদিকদের সাক্ষাৎকার দিতে বারণ করেছেন। আমি সাক্ষাৎকার দেব না।
যে স্বামীরা স্ত্রীর কথা শোনে না, তারা জান্নাতে যাবে না।’
বাংলাদেশের সংবাদমাধ্যম নিয়ে নিজের ধারণাও স্পষ্ট করেছেন মুতাইরি। তিনি বলেছেন, ‘আমি যদি আমার স্ত্রীকে বলি, কোনো কথা গোপন রাখতে হবে, তাহলে তার অর্থ হলো তার পরিবারের সবাই সেই কথা জেনে যাবে। বাংলাদেশের সংবাদমাধ্যমও অনেকটা সে রকম। এখানে কোনো কিছু গোপন থাকে না।
বাংলাদেশের বিপক্ষে রাতের ম্যাচে তাদের লক্ষ্য কী, সেটিও জানিয়ে দিয়েছেন মুতাইরি। তিনি বলেছেন, ‘ফুটবলে আমার বিশ্বাসের একটি নিয়ম আছে—জয়ী হও, নয়তো শেষ হয়ে যাও।’
বাংলা৭১নিউজ/আরএইচ



























