পশ্চিম তুরস্কের ইজমির শহরের কাছে একটি ইস্পাত কারখানায় বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। নিহত ও আহত সবাই কারখানাটির শ্রমিক।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আলিয়াগা এলাকার হাবাস দেমির চেলিক কারখানায় দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। ক্রেন দিয়ে নতুন বয়লার বসানোর সময় সেটি ভেঙে পড়ে। বয়লারের অংশ নিচে থাকা চুল্লির ওপর পড়লে বিস্ফোরণ ঘটে।
প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান প্রথমে ১৬ জন নিহত হওয়ার কথা জানালেও পরে স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিশোলু জানান, হাসপাতালে চিকিৎসাধীন এক আহত শ্রমিকের মৃত্যু হয়েছে।
এতে নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণে আশপাশের এলাকা কেঁপে ওঠে। ইজমিরের গভর্নর সুলেমান এলবান জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে আরো কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, বৈদ্যুতিক চুল্লিতে নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজ চলার সময় এ দুর্ঘটনা ঘটে।
সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান ১৭ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুর্ঘটনার পর উদ্ধার অভিযান চলছে এবং ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
বিবিসির তুর্কি বিভাগের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এ ঘটনায় অন্তত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। কারখানাটি ইজমিরের আলিয়াগা এলাকায় অবস্থিত। এলাকাটি তুরস্কের গুরুত্বপূর্ণ বন্দর এবং জাহাজ ভাঙা শিল্পের অন্যতম প্রধান কেন্দ্র।
বাংলা৭১নিউজ/আরএইচ






















