জুলাই আন্দোলনে ঢাকার মিরপুর-১০ এলাকায় মো. সিফাত হোসেন (২৬) নামের এক যুবক নিহতের ঘটনায় করা হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৬ জনের বিরুদ্ধে অধিকতর তদন্ত প্রতিবেদনের তারিখ পিছিয়ে আগামী ১৪ ডিসেম্বর নির্ধারণ করেছেন আদালত।
মঙ্গলবার (১০ নভেম্বর) মামলাটির অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল।
তবে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত প্রতিবেদন দাখিলের নতুন করে এ দিন ধার্য করেন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রফিকুল ইসলাম।
২০২৪ সালের ১৫ আগস্ট সিফাতের বাবা কামাল হাওলাদার শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মামলাটি করেন। ওই দিন আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগটি মিরপুর মডেল থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
মামলায় আরো যাদের আসামি করা হয় তাদের মধ্যে রয়েছেন— সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার, মাইনুল হোসেন খান নিখিল ও সালাউদ্দিন মাহমুদ (এস এম) জাহিদ, পুলিশের সাবেক আইজি আবদুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ, অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার, ডিএমপি কমিনার হাবিবুর রহমান, জিয়াউল হক জিয়া, মেহেদী হাসানসহ প্রমুখ।
গত ২৮ মে মামলাটির তদন্ত শেষে শেখ হাসিনাসহ ২৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন মিরপুর মডেল থানার এসআই মিজানুর রহমান। তবে জিয়াউল হক জিয়া, মেহেদী হাসানকে মামলা থেকে অব্যাহতি দেওয়ায় অসন্তুষ্টি হন সিফাতের বাবা কামাল হাওলাদার।
গত ১ সেপ্টেম্বর পুলিশের দেওয়া প্রতিবেদনের ওপর নারাজি জমা দেন তিনি।
সেখানে বলা হয়, মামলার তদন্ত কর্মকর্তা মামলার বিষয়বস্তু আমলে না নিয়ে এবং ঘটনাস্থল পরিদর্শন না করে আসামিদের দ্বারা পক্ষাশ্রিত হয়ে আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালত শুনানির দিন রাখেন ৫ অক্টোবর। এদিন শুনানি নিয়ে আদালত পিবিআইকে মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দেন।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ২০ জুলাই মিরপুর-১০ সেনপাড়া এম. এস পাওয়ারের সম্মুখে হাজার হাজার ছাত্র জনতা কোটা সংস্কার আন্দোলন করছিলেন। সেই আন্দোলনের উপর পুলিশ নির্বিচারে গুলি চালায়।
ঠিক সে সময় সিফাত হোসেন রাস্তা পার হয়ে নিরাপদ স্থানে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে মারা যায়। বুলেট তার মাথার এক পাশ দিয়ে ডুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। ওই ঘটনায় সিফাতের বাবা কামাল হাওলাদার মামলাটি করেন।
বাংলা৭১নিউজ/আরএইচ






















