বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ব্ল্যাক কার্বনসহ অন্যান্য দূষকের নিঃসরণ কমাতে বিজ্ঞানভিত্তিক নীতি প্রণয়নের তাগিদ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
তিনি বলেছেন, গবেষণালব্ধ তথ্যকে নীতিনির্ধারণ ও বাস্তবায়নের সঙ্গে যুক্ত করতে হবে। এ জন্য সরকারি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, গবেষণা সংস্থা ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন।
রোববার (১ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘ব্ল্যাক কার্বন ও অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ও স্টকহোম বিশ্ববিদ্যালয় যৌথভাবে এ সংলাপের আয়োজন করে। এতে সহায়তা দেয় ক্লিন এয়ার ফান্ড।
প্রতিমন্ত্রী বলেন, বায়ুদূষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গবেষণা, নীতি প্রণয়ন এবং বাস্তব প্রয়োগের মধ্যে সংযোগ সুদৃঢ় করতে হবে। নির্মল বায়ু ও জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়তে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত অংশগ্রহণে বাস্তবসম্মত ও টেকসই সমাধান এগিয়ে নেওয়া প্রয়োজন।
তিনি বলেন, ব্ল্যাক কার্বন ও অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষকের নিঃসরণ কমাতে গবেষণালব্ধ প্রমাণের ভিত্তিতে কার্যক্রম গ্রহণ করতে হবে। সরকারি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও গবেষণা সংস্থার পাশাপাশি আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদেরও এ কাজে যুক্ত করা জরুরি।
সংলাপে বায়ুদূষণ, জনস্বাস্থ্য ও জলবায়ু পরিবর্তনের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়। ব্ল্যাক কার্বনসহ অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষকের নিঃসরণ কমানোর মাধ্যমে বায়ুর মান উন্নয়ন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনের বিষয়টি গুরুত্ব পায়।
আলোচনায় জাতীয় পর্যায়ের উদ্যোগের পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। একইসঙ্গে বিজ্ঞানী, নীতিনির্ধারক ও আন্তর্জাতিক অংশীদারদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব দেন বক্তারা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আবদুল আউয়াল এবং বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামের সভাপতিত্বে সংলাপে অংশ নেন স্টকহোম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওরিয়ান গুস্তাফসন। এ ছাড়া নীতিনির্ধারক, বিজ্ঞানী, শিক্ষক, গবেষক ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/হোসেন






















