শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ ৪০০ কোটি টাকার দুটি বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠানটি ভবিষ্যত মূলধনের পর্যাপ্ততা নিশ্চিত করতে এবং চলমান অর্থের চাহিদা পূরণ করতে এই বন্ড ইস্যুর সিদ্ধান্ত নেয়।
রোববার (১ নভেম্বর) ঢাকা এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আইপিডিস ফাইন্যান্সের দুটি বন্ডের মধ্যে ২০০ কোটি টাকার নন-কনভার্টিবল সাবঅর্ডিনেটেড বন্ড টিয়ার-২ মূলধন হিসেবে গণ্য হবে। এই বন্ডের মেয়াদ হবে ছয় বছর। অপরদিকে, ২০০ কোটি টাকার গ্রিন জিরো-কুপন বন্ডের মেয়াদ নির্ধারণ করা হয়েছে পাঁচ বছর। দুটি বন্ডের অভিহিত মূল্য মিলিয়ে মোট ইস্যুর পরিমাণ দাঁড়াবে ৪০০ কোটি টাকা।
তবে বন্ড দুটি ইস্যুর ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং সংশ্লিষ্ট অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিতে হবে। নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যুর কার্যক্রম সম্পন্ন করবে প্রতিষ্ঠানটি।
এদিকে কোম্পানিটি অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় ১৬তম বিশেষ সাধারণ সভা (ইজিএম) আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানিটির বিশেষ সাধারণ সভা আগামী ১৫ ডিসেম্বর সকাল ৯টায় ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১৯ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
ইজিএমে যেসব বিষয় নিয়ে আলোচনা করা হবে সেগুলো হলো- ১. আইপিডিসি ফাইন্যান্স পিএলসির সংঘস্মারকে (মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন) নতুন উদ্দেশ্যসংক্রান্ত ধারা সংযোজন। ২. কোম্পানির সংঘবিধিতে (আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন) নতুন ধারা সংযোজন। ৩. কোম্পানির সংঘবিধিতে বিদ্যমান কোরাম সংক্রান্ত বিধান সংশোধন। এসব বিষয়ে শেয়ারহোল্ডাদের অনুমোদন নেওয়া হবে।
বাংলা৭১নিউজ/আরএইচ






















