একবার স্থগিত হয়ে যাওয়ার পর নতুন পরিকল্পনায় ফের তৈরি হচ্ছে ডিজনির জনপ্রিয় চলচ্চিত্র ‘দ্য প্রিন্সেস অ্যান্ড দ্য ফ্রগ’-এর একটি নতুন সংস্করণ। স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিজনি প্লাসের জন্য চলচ্চিত্রটির ওপর ভিত্তি করে একটি বিশেষ মিউজিক্যাল প্রজেক্ট নির্মাণের কাজ চলছে।
সম্প্রতি এসসিএডি সাভানা ফিল্ম ফেস্টিভ্যালে এক সাক্ষাৎকারে ডিজনি অ্যানিমেশন স্টুডিওর চিফ ক্রিয়েটিভ অফিসার জ্যারেড বুশ বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘দ্য প্রিন্সেস অ্যান্ড দ্য ফ্রগ’-এর জগতকে ঘিরে নতুন গান ও মূল কলাকুশলীদের নিয়ে একটি সম্পূর্ণ নতুন মিউজিক্যাল গল্পের নির্মাণকাজ পুরোদমে চলছে। এটি দীর্ঘ কোনো ধারাবাহিক বা শর্টসের সংকলন না হয়ে একটি বিশেষ একক টিভি স্পেশাল হিসেবে দর্শকের সামনে আসবে।
এর আগে ডিজনি প্লাসে রাজকুমারী টিয়ানাকে নিয়ে একটি পূর্ণাঙ্গ মিউজিক্যাল ধারাবাহিক তৈরির কথা ছিল।
কিন্তু গত বছর মার্চে স্ট্রিমিংয়ের কৌশলগত পরিবর্তনের অংশ হিসেবে প্রকল্পটি স্থগিত করেছিল ডিজনি।
তবে সেই সিদ্ধান্তের পর এবার নতুন পরিকল্পনা বাস্তবায়নে এগোচ্ছে প্রতিষ্ঠানটি। মূল চলচ্চিত্রের অভিনয়শিল্পী ও গায়কেরা এতে পুনরায় কণ্ঠ দেবেন বলে জানা গেলেও মুক্তির সুনির্দিষ্ট তারিখ বা গল্পের বিস্তারিত বিষয়গুলো এখনো প্রকাশ করা হয়নি। মূলত প্রথম চলচ্চিত্রটি মুক্তির পর দীর্ঘদিন ভক্তরা এর পরবর্তী কিস্তির অপেক্ষা করছিলেন।
তাই নতুন এই বিশেষ সংস্করণের ঘোষণা বিনোদন জগতে দারুণ এক আগ্রহ তৈরি করেছে।
বাংলা৭১নিউজ/আরএইচ

























